images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

হেপাটাইটিস কি লিভার নষ্ট করে দিতে পারে?

রোববার, ১০ মে ২০২৬ , ০৩:২০ পিএম

হেপাটাইটিস নামটা শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। তবে ভয় নয়, দরকার সচেতনতা। কারণ এই রোগ সম্পর্কে জানা থাকলে এবং সময়মতো পরীক্ষা করালে বড় বিপদ এড়ানো সম্ভব। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘদিন শরীরে হেপাটাইটিস ভাইরাস থাকলে তা ধীরে ধীরে লিভার নষ্ট করে দিতে পারে। এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।

হেপাটাইটিস মূলত লিভারের প্রদাহ বা সংক্রমণ। ভাইরাস, অতিরিক্ত মদ্যপান, কিছু ওষুধ কিংবা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার সমস্যার কারণেও এটি হতে পারে। তবে ভাইরাসজনিত হেপাটাইটিস সবচেয়ে বেশি দেখা যায়। এর প্রধান ধরন পাঁচটি— এ, বি, সি, ডি ও ই।

এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয় বি ও সি ধরনের হেপাটাইটিসকে। কারণ এই দুই ভাইরাস শরীরে বহু বছর নীরবে থেকে লিভারের কোষ ধ্বংস করতে পারে। ভয়ংকর বিষয় হলো, শুরুতে অনেক সময় রোগের কোনো লক্ষণই বোঝা যায় না। ফলে অনেকেই বুঝতেই পারেন না যে তারা আক্রান্ত।

বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন ক্লান্ত লাগা, ক্ষুধা কমে যাওয়া, হঠাৎ ওজন কমা, পেট ফেঁপে থাকা, চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, বমি ভাব কিংবা গাঢ় হলুদ প্রস্রাব— এসব লক্ষণকে অবহেলা করা উচিত নয়। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন
Web-Image

গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

চিকিৎসকেরা জানান, ভাইরাস দীর্ঘদিন লিভারে থাকলে প্রথমে সেখানে দাগ তৈরি হয়। পরে সেটি আরও খারাপ হয়ে লিভার শক্ত হয়ে যায়। এই পর্যায়ে লিভার তার স্বাভাবিক কাজ করতে পারে না। অনেক ক্ষেত্রে রোগী কোমাতেও চলে যেতে পারেন।

হেপাটাইটিস এ ও ই সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। আর বি, সি ও ডি ছড়ায় আক্রান্ত রক্ত, অনিরাপদ শারীরিক সম্পর্ক, দূষিত সূঁচ বা মা থেকে সন্তানের শরীরে।

তবে স্বস্তির খবর হলো, সচেতন থাকলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে হেপাটাইটিস বি-এর টিকা অত্যন্ত কার্যকর। চিকিৎসকেরা নিরাপদ রক্ত গ্রহণ, অপ্রয়োজনীয় সূঁচ ব্যবহার এড়িয়ে চলা, পরিষ্কার খাবার ও বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাস বহন করছেন। প্রতিবছর এই রোগে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। সংস্থাটি বলছে, সময়মতো টিকা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ মৃত্যুই প্রতিরোধ সম্ভব।

বাংলাদেশেও হেপাটাইটিস বি ও সি সংক্রমণের হার উদ্বেগজনক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো ছাড়া এই নীরব ঘাতক থেকে বাঁচার আর কোনো বিকল্প নেই।


আরটিভি/জেএমএ