images

লাইফস্টাইল

পাকা ও ভালো লিচু চিনবেন যেভাবে

সোমবার, ১১ মে ২০২৬ , ০৫:১৮ পিএম

গ্রীষ্মের রসালো ফল লিচু বাজারে উঠতে শুরু করেছে। টুকটুকে রঙ দেখেই লিচু কেনা যাবে না খেয়াল রাখতে হবে এটি কতটা নিরাপদ। কারণ অনেক সময় লিচুকে বেশি লাল ও টাটকা দেখাতে কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার করা হয়। তখন অপরিপক্ব লিচুকেও পাকা দেখা যায়। ভালো লিচু কিনতে হলে আপনাকে হতে হবে কৌশলী। তাই কিছু বিষয় জেনে রাখা জরুরি।

অতিরিক্ত নরম লিচু কিনবেন না
লিচু হাতে নিয়ে হালকা চাপ দিলেই খানিক অনুমান করতে পারবেন ভেতরের অবস্থা কেমন। যদি খুব বেশি নরম লাগে, তাহলে সেটি অতিরিক্ত পাকা বা ভেতর থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভালো লিচু হবে টানটান ও সতেজ। অতিরিক্ত নরম লিচুর ভেতরে অনেক সময় টক গন্ধ বা পচা অংশও থাকতে পারে।

আসল-নকল রং পরীক্ষা করুন
রং মেখে কাঁচা লিচুকে অনেক সময় লাল দেখানো হয়। তাই বাসায় এনে লিচু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে যদি পানির রং লালচে হয়ে যায় বা হাতে রং লাগে, তাহলে বুঝতে হবে লিচুর গায়ে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে।

রংয়ের দিকে খেয়াল রাখুন
জাতভেদে লিচুর রং আলাদা হতে পারে। কোনোটি গাঢ় লাল, কোনোটি হালকা কমলা বা বাদামি আভাযুক্ত হয়। কেনার আগে খেয়াল করুন এর খোসার রং কেমন। তবে, ভালো ও পরিপক্ব লিচুর রং সাধারণত উজ্জ্বল এবং স্বাভাবিক দেখায়। খুব বেশি চকচকে বা অস্বাভাবিক উজ্জ্বল লাল রংয়ের লিচু দেখলে সতর্ক হওয়া ভালো। কারণ অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে কৃত্রিম রং ব্যবহার করা হয়।

আরও পড়ুন
SEEDS

তিসি-তিল-কুমড়ার মতো বীজজাতীয় খাবার: কারা খাবেন, কারা খাবেন না

গন্ধ শুকে কিনুন 
পাকা লিচুর ভেতর থাকে তাজা ও মিষ্টি গন্ধ। নাকের কাছে নিলেই সেই সুগন্ধ বোঝা যায়। কিন্তু কেমিক্যাল দেওয়া বা অপরিপক্ব লিচুতে সাধারণত সেই স্বাভাবিক মিষ্টি গন্ধ থাকে না। যদি লিচুতে অদ্ভুত বা কড়া গন্ধ পাওয়া যায়, তাহলে সেটি না কেনাই ভালো।

খোসা ছাড়িয়ে বুঝবেন ভালো মন্দ
লিচুর খোসা ছাড়িয়েও অনেক কিছু বোঝা যায়। পাকা খোসা সহজেই খুলে আসে। খোসা যদি শক্তভাবে আটকে থাকে বা ভেতরে বাদামি দাগ দেখা যায়, তাহলে সেটি ভালো নাও হতে পারে।

দাগ বা ফাটল দেখে নিন
সাধারণত লিচুর খোসা পরিষ্কার ও সতেজ থাকে। খোসায় বাদামি দাগ, ফাটল, পচা অংশ থাকলে সেটি এড়িয়ে চলুন। বিশেষ করে লিচুর মুখ বা ডাঁটির অংশ পচা থাকলে ভেতরেও নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ডালযুক্ত ও টাটকা লিচু কেনাই ভালো।

কেনার পর করণীয়
লিচু কেনার পর বাসায় এনে সরাসরি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে ঘণ্টাখানেক পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে ময়লা বা কৃত্রিম থাকলে দূর হয়ে যাবে। 
সতর্কভাবে লিচু কিনলে গ্রীষ্মের এই জনপ্রিয় ফল খাওয়ার আনন্দ যেমন বাড়বে, তেমনই স্বাস্থ্যঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব হবে।

আরটিভি/এমএম