শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:৫৫ এএম
গরমের দিনে পাকা আম যেন সবচেয়ে প্রিয় ফল। কিন্তু অনেকেই অভিযোগ করেন, বাজার থেকে আনা আম দু-একদিনের মধ্যেই নরম হয়ে যায়, বোঁটার কাছে কালো দাগ পড়ে এবং দ্রুত পচে যায়। এমনকি ফ্রিজে রাখলেও ফল ভালো থাকে না। তবে কিছু সহজ নিয়ম মানলে পাকা আম অনেক দিন টাটকা রাখা সম্ভব।
১. আম কেনার সময়ই সতর্ক হোন
একেবারে পুরোপুরি পাকা আম না কিনে, আধা-পাকা বা হালকা পাকা আম বেছে নেওয়া ভালো। এতে আম কয়েকদিন স্বাভাবিকভাবে ভালো থাকে এবং পরে খাওয়ার সময়ও নষ্ট হয় না।
২. প্লাস্টিক নয়, কাগজে রাখুন
অনেকেই আম প্লাস্টিক ব্যাগে রাখেন, যা দ্রুত পচনের কারণ হয়। এর পরিবর্তে কাগজের ব্যাগে রাখলে বাতাস চলাচল ঠিক থাকে এবং আম অনেক বেশি সময় ভালো থাকে।
৩. ফ্রিজ নয়, ঘরের স্বাভাবিক তাপমাত্রা ভালো
সব সময় ফ্রিজে রাখতেই হবে এমন নয়। শুকনো ও ছায়াযুক্ত স্থানে ঘরের তাপমাত্রায় রাখলে আম অনেক সময় ভালো থাকে। রান্নাঘরের কোণ বা বিছানার নিচের মতো জায়গাও ব্যবহার করা যায়।
৪. ধোয়ার সময় সতর্কতা
আম কিনে এনে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা ঠিক নয়। এতে আর্দ্রতা বাড়ে এবং পচন দ্রুত হয়। খাওয়ার ঠিক আগে ধোয়া সবচেয়ে ভালো উপায়।
৫. আর্দ্রতা ও গ্যাস নিয়ন্ত্রণ করুন
একসঙ্গে সব আম না রেখে আলাদা করে রাখা ভালো। কারণ বেশি পাকা আম থেকে এক ধরনের গ্যাস বের হয়, যা অন্য আমকেও দ্রুত পাকা ও নষ্ট করে দেয়। চাইলে চালের কৌটোতেও আম রাখা যেতে পারে। এতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে।
সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে পাকা আম আরও অনেক দিন সুস্বাদু ও টাটকা রাখা সম্ভব—জানতে পারলেই গরমের এই প্রিয় ফল আরও উপভোগ্য হয়ে উঠবে।
আরটিভি/জেএমএ