রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:৩২ এএম
বর্ষার দিন মানেই টুপটাপ বৃষ্টি, মেঘলা আকাশ আর কাদা-পানিতে ভরা রাস্তা। তাই প্রয়োজন ছাড়া অনেকেই এই সময় ঘরেই থাকতে পছন্দ করেন। তবে সারাদিন ঘরে থাকলে অনেক সময় একঘেয়েমিও চলে আসে। কিন্তু একটু ভিন্নভাবে সময় কাটালেই বৃষ্টির দিন হয়ে উঠতে পারে দারুণ আনন্দের।
জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা, এক কাপ গরম চা হাতে প্রিয়জনদের সঙ্গে গল্প কিংবা পরিবারের সবাইকে নিয়ে ছোটখাটো আয়োজন। সব মিলিয়ে বর্ষার দিনগুলো সহজেই স্মরণীয় হয়ে উঠতে পারে।
বৃষ্টির দিনে পরিবারের সবাই মিলে নানা খেলার আয়োজন করা যেতে পারে। দাবা বা লুডুর মতো খেলায় ছোট-বড় সবাই অংশ নিতে পারেন। এতে যেমন আনন্দ বাড়ে, তেমনি সম্পর্কও আরও মজবুত হয়।
এছাড়া ঘরে বসে পছন্দের সিনেমা দেখাও হতে পারে দারুণ বিনোদন। সঙ্গে মুড়ি, চানাচুর বা ভাজাপোড়া থাকলে জমে উঠবে পুরো আয়োজন।
অনেকেই ছোটবেলার মতো বৃষ্টিতে ভিজতে ভুলে গেছেন। সুযোগ পেলে পরিবারের ছোটদের সঙ্গে কিছু সময় বৃষ্টিতে ভিজে পুরোনো আনন্দ ফিরিয়ে আনা যেতে পারে। তবে পরে ভালোভাবে গোসল করে নেওয়া জরুরি।
বর্ষার দিনে খিচুড়ি, ইলিশ কিংবা গরম ভাজাপোড়ার স্বাদ যেন আরও বেড়ে যায়। ঘরোয়া পরিবেশে পরিবারের সবাই মিলে খাবারের আয়োজন দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারে।
আবার বারান্দায় বসে এক কাপ চা হাতে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করাও এনে দিতে পারে অন্যরকম শান্তি। ব্যস্ত জীবনে এমন নিরিবিলি সময় অনেকের কাছেই খুব মূল্যবান।
এছাড়া ঘরে বসেই ভবিষ্যতের ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে। কোথায় ঘুরতে যাওয়া হবে, কীভাবে সময় কাটবে—এসব নিয়েও জমে উঠতে পারে আড্ডা।
আরটিভি/জেএমএ