images

লাইফস্টাইল

বিয়ের আগে সঙ্গীর সঙ্গে খোলাখুলি যেসব আলোচনা জরুরি

সোমবার, ১৮ মে ২০২৬ , ১১:১৬ এএম

বর্তমানে চারপাশে বিয়ের মৌসুম। বন্ধু, আত্মীয় কিংবা সহকর্মীদের বিয়ের খবর দেখে অনেকেই নিজের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ভাবছেন। তবে শুধুমাত্র সামাজিক চাপ বা আবেগের বশে নয়, বিয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, বিয়ে শুধু দু’জন মানুষের সম্পর্ক নয়, এটি দায়িত্ব, বোঝাপড়া ও বাস্তবতারও এক নতুন অধ্যায়। 

বিয়ে সব সমস্যার সমাধান নয়

অনেকেই মনে করেন, বিয়ে হলেই সম্পর্কের সব সমস্যা দূর হয়ে যাবে। বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন। প্রেমের সময় যেসব মতভেদ বা সমস্যা ছোট মনে হয়, বিয়ের পর সেগুলো আরও বড় আকার নিতে পারে। তাই বিয়েকে কখনোই সমস্যার সমাধান হিসেবে দেখা উচিত নয়। বরং দুজনের মানসিকতা, অভ্যাস ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অতিরিক্ত প্রত্যাশা না রাখাই ভালো

বিয়ে মানেই নতুন গাড়ি, ফ্ল্যাট, দামি উপহার বা সিনেমার মতো রোমান্টিক জীবন এমন কল্পনা বাস্তবতার সঙ্গে মেলে না। বিয়ের পর দায়িত্ব বাড়ে, পরিবারের সদস্যদের সময় দিতে হয় এবং জীবনযাত্রায় পরিবর্তন আসে। তাই বাস্তবতা মেনে এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা নিয়েই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।

সম্পর্ক সবসময় সিনেমার মতো হয় না

বিয়ের পর সবসময় একই রকম ভালোবাসা বা রোমান্স থাকবে এমন নিশ্চয়তা নেই। প্রেমের সময় সীমিত দেখা-সাক্ষাৎ হলেও বিয়ের পর একজন মানুষের সঙ্গে ২৪ ঘণ্টা কাটাতে হয়। ফলে অভ্যাস, আচরণ ও ব্যক্তিগত সময় নিয়ে নতুন অভিজ্ঞতা তৈরি হয়। তাই সম্পর্ক নিয়ে অবাস্তব প্রত্যাশা না রেখে বাস্তবতা বোঝা জরুরি।

সঙ্গীর পরিবারকে জানুন

বিয়ে শুধু দুই ব্যক্তির নয়, দুই পরিবারেরও বন্ধন। তাই সঙ্গীর পরিবারের সদস্যদের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে উঠছে এবং পারিবারিক পরিবেশ কতটা মানিয়ে নেওয়া সম্ভব সেটিও গুরুত্বপূর্ণ। দুই পরিবারের সম্মতি ও পারস্পরিক বোঝাপড়া ভবিষ্যতের সম্পর্ককে আরও স্থিতিশীল করতে সহায়তা করে।

আর্থিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন

বিয়ের আগে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে স্পষ্ট আলোচনা জরুরি। কার আয় কত, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, মেডিক্লেম বা অন্যান্য আর্থিক দায়বদ্ধতা সম্পর্কে দুজনেরই পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। বিয়ের খরচ, হানিমুন বা ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও আগেই সিদ্ধান্ত নেওয়া ভালো। বিশেষজ্ঞদের মতে, আর্থিক স্বচ্ছতা ও আত্মনির্ভরশীলতা ভবিষ্যতের অনেক সমস্যা এড়াতে সাহায্য করে।

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই আবেগের পাশাপাশি বাস্তবতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক বোঝাপড়াকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে