বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৯:৪৭ এএম
ছুটি মানেই আনন্দ, ঘোরাঘুরি আর নিজের মতো করে সময় কাটানো। কিন্তু এই লম্বা ছুটি শেষ হলেই অনেকের মন হঠাৎ ভার হয়ে যায়, কাজে ফিরতে ইচ্ছে করে না, শরীরেও ক্লান্তি লাগে। এই অবস্থাকেই মনোবিদেরা বলেন পোস্ট-হলিডে ব্লুজ।
বিশেষজ্ঞদের মতে, ছুটির সময় মানুষের দৈনন্দিন রুটিন পুরোপুরি বদলে যায়। ঘুম, খাওয়া, আড্ডা—সবকিছুই থাকে অনিয়মিত ও স্বাধীন। ফলে মন এক ধরনের স্বস্তি ও আনন্দে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু ছুটি শেষ হওয়ার পর হঠাৎ সেই স্বাধীনতা হারিয়ে গেলে মন মানিয়ে নিতে সময় নেয়, আর তখনই তৈরি হয় বিষণ্ণতা ও অনীহা।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা গণমাধ্যমকে বলেন, এটি কোনো মানসিক রোগ নয়, বরং একটি সাময়িক মানসিক প্রতিক্রিয়া। আনন্দময় সময় থেকে হঠাৎ কর্মজীবনের চাপে ফিরে আসার কারণে এমন অনুভূতি হয়।
এই অবস্থায় সাধারণত দেখা যায়—মন খারাপ থাকা, কাজে মনোযোগ কমে যাওয়া, অল্পতেই বিরক্তি, ক্লান্তি এবং অনুপ্রেরণার অভাব। তবে ভালো খবর হলো, এই উপসর্গগুলো সাধারণত কয়েক দিন থেকে এক সপ্তাহের মধ্যেই নিজে থেকেই কমে যায়।
ডা. দিনা বলেন, কিছু সহজ অভ্যাস মানলে এই সময়টা অনেক সহজ হয়ে যায়। পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপন শরীর ও মনকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। কাজের ফাঁকে ছোট বিরতি নেওয়া, হাঁটা বা পছন্দের কাজ করা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
তিনি আরও বলেন, ছুটি শেষে একেবারে চাপ নিয়ে কাজে না ফিরে ধীরে ধীরে রুটিনে ঢোকা উচিত। ছুটির সুন্দর স্মৃতিগুলো মনে করা এবং ভবিষ্যতের ছোট কোনো পরিকল্পনা করা মনকে ইতিবাচক রাখে।
তবে যদি দীর্ঘদিন মন খারাপ থাকে, কাজকর্মে বড় সমস্যা হয়, ঘুম বা খাওয়ায় ব্যাঘাত ঘটে—তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। কারণ অনেক সময় এটি বড় কোনো মানসিক সমস্যার শুরুও হতে পারে।
আরটিভি/জেএমএ