images

লাইফস্টাইল / রূপচর্চা / পরামর্শ

ঘামের দুর্গন্ধে নাজেহাল? ফিটকিরিতেই আছে সমাধান

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৪:০১ পিএম

গরমে ঘাম আর দুর্গন্ধ এখন অনেকেরই নিত্য সমস্যা। বাইরে বের হলেই ঘাম, আর তার সঙ্গে শরীরের অস্বস্তিকর গন্ধে বিব্রত হতে হয় অনেককে। এ সময় অনেকেই ডিওডোরেন্ট বা সুগন্ধি ব্যবহার করেন। তবে বাজারের এসব পণ্যে থাকা অ্যালকোহল ও রাসায়নিক উপাদান সব ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। আবার অনেক সময় সুগন্ধিও দীর্ঘক্ষণ স্থায়ী হয় না।

এই পরিস্থিতিতে ফিরে আসতে পারে এক পুরনো ঘরোয়া সমাধান—ফিটকিরি।

কী এই ফিটকিরি?

ফিটকিরি একটি প্রাকৃতিক খনিজ লবণ, যা সাধারণত সাদা বা স্বচ্ছ স্ফটিকের মতো দেখা যায়। এটি খুব সস্তায় বাজারে পাওয়া যায়। আগে দাদুর আমলে শেভ করার পর জীবাণুনাশক হিসেবে এবং ছোটখাটো কাটাছেঁড়ায় রক্ত বন্ধ করতেও এটি ব্যবহার করা হতো।

এতে রয়েছে জীবাণু প্রতিরোধী ও অ্যান্টিসেপটিক গুণ, যা শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

ফিটকিরি কীভাবে কাজ করে?

ঘামের নিজস্ব কোনো তীব্র গন্ধ নেই। মূলত ত্বকের ওপর থাকা ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে মিশে দুর্গন্ধ তৈরি করে। ফিটকিরি সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দুর্গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ঘাম হলেও গন্ধ অনেকটাই কমে যায়।

আরও পড়ুন
Web-Image

সস্তা মসুর ডালেই ত্বক হবে ঝলমলে ও মসৃণ 

কীভাবে ব্যবহার করবেন ফিটকিরি?

১. সরাসরি ব্যবহার: স্নানের পর ফিটকিরির একটি টুকরো পরিষ্কার পানিতে ভিজিয়ে বগলের ত্বকে আলতো করে ঘষুন। এরপর শুকিয়ে যেতে দিন। ধোয়ার প্রয়োজন নেই।

২. গুঁড়ো ফিটকিরি ব্যবহার: অল্প গোলাপজলের সঙ্গে গুঁড়ো ফিটকিরি মিশিয়ে তুলার সাহায্যে বগলে লাগাতে পারেন। এরপর শুকিয়ে গেলে পোশাক পরুন।

সংরক্ষণ পদ্ধতি

ব্যবহারের পর ফিটকিরি পরিষ্কার পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে রাখতে হবে। না হলে এটি ধীরে ধীরে গলে যেতে পারে। শুকিয়ে একটি শুকনো পাত্রে সংরক্ষণ করলেই ভালো থাকে।

গরমে ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণে দামী প্রসাধনী নয়, চাইলে এই সহজ ঘরোয়া উপাদান ফিটকিরিও হতে পারে কার্যকর সমাধান।


আরটিভি/জেএমএ