images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

ডায়াবেটিসের পেছনে কী সত্যিই চিনি দায়ী

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৯:২৬ এএম

অনেকেরই ধারণা, বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার খেলেই ডায়াবেটিস হয়। তাই ডায়াবেটিস হলেই প্রথমেই মিষ্টি খাওয়া বন্ধ করতে বলা হয়। কিন্তু চিকিৎসক ও গবেষকদের মতে, এই ধারণা পুরোপুরি সত্য নয়।

ডায়াবেটিস মূলত এমন একটি দীর্ঘমেয়াদি শারীরিক অবস্থা, যেখানে শরীর রক্তে থাকা শর্করা বা গ্লুকোজ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। খাবার খাওয়ার পর শরীর সেই শর্করাকে শক্তিতে রূপান্তর করে। কিন্তু ডায়াবেটিস হলে সেই প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে শর্করা জমে যেতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রধানত দুই ধরনের— টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ সাধারণত বংশগত বা শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার সমস্যার কারণে হয়। আর টাইপ ২ সবচেয়ে বেশি দেখা যায়, যা মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন, ওজন বৃদ্ধি, কম শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাসের সঙ্গে বেশি সম্পর্কিত।

চিকিৎসকরা বলছেন, চিনি সরাসরি ডায়াবেটিস তৈরি করে না। তবে অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ওজন বাড়তে পারে। আর অতিরিক্ত ওজন বা স্থূলতা টাইপ ২ ডায়াবেটিসের বড় একটি ঝুঁকির কারণ।

আরও পড়ুন
Web-Image

মরিচ খেলে ঝাল লাগে কেন

বিশেষজ্ঞের মতে, চিনি খাওয়া আর ডায়াবেটিস হওয়া সরাসরি একই জিনিস নয়, তবে অতিরিক্ত মিষ্টি অভ্যাস পরোক্ষভাবে রোগের ঝুঁকি বাড়ায়।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থানও এ ক্ষেত্রে উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাহাঁটি, স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপনের শৃঙ্খলা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘনঘন প্রস্রাব, অতিরিক্ত পিপাসা, দুর্বলতা, দ্রুত ওজন কমে যাওয়া এবং দৃষ্টিশক্তি কমে যাওয়া।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নিয়মিত শরীরচর্চা, ফাস্টফুড ও অতিরিক্ত মিষ্টি পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে ডায়াবেটিস অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ