শনিবার, ০৬ জুন ২০২৬ , ১০:২২ এএম
শাকসবজি বা তরকারি অনেক সময় একঘেয়ে লাগতে পারে। কিন্তু রান্নায় এক চিমটি আমচুর পাউডার যোগ করলেই বদলে যেতে পারে পুরো স্বাদ ও ঘ্রাণ।
কাঁচা আম শুকিয়ে তৈরি হয় এই আমচুর, যা শুধু টক স্বাদই নয়, খাবারে এক ধরনের আলাদা সুগন্ধও যোগ করে।
ডালে আমচুর
মুগ, অড়হর, মসুর বা ছোলার ডালে রান্নার শেষে সামান্য আমচুর ছিটিয়ে দিলে স্বাদ অনেক বেড়ে যায়। পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ কষানোর সময়ও এটি ব্যবহার করা যায়। এতে ডালে হালকা টক ও মিষ্টি ঘ্রাণ আসে।
ভাজা সবজিতে নতুন স্বাদ
আলু, ঢেঁড়স বা মিশ্র সবজি ভাজার সময় শেষ দিকে এক চিমটি আমচুর দিলে সাধারণ ভাজা খাবারও হয়ে ওঠে অনেক বেশি সুস্বাদু ও মুখরোচক।
মাংস ও পনিরের মশলায়
চিকেন, বিফ, মাটন বা পনির ম্যারিনেশনের সময় মশলার সঙ্গে আমচুর যোগ করলে খাবারে আসে টক-মিষ্টি স্বাদ ও আকর্ষণীয় ঘ্রাণ। কাবাবের স্বাদও হয়ে ওঠে আরও সমৃদ্ধ।
চাটনিতে বিশেষ স্বাদ
পুদিনা-ধনেপাতার চাটনিতে আমচুর মিশিয়ে দিলে পাওয়া যায় টক-মিষ্টি ঝাঁজালো স্বাদ। আমচুর, গুঁড়, নুন ও পানি মিশিয়েও সহজে তৈরি করা যায় চাটনি। যা চাট, আলুকাবলিতে দারুণ মানায়।
স্ন্যাকস ও ফাস্টফুডে ব্যবহার
ফ্রেঞ্চ ফ্রাই, পাকোড়া বা পিৎজার ওপর সামান্য আমচুর ছিটিয়ে দিলে স্বাদে আসে নতুন টুইস্ট। এটি সাধারণ স্ন্যাকসকেও করে তোলে মুখরোচক।
আমচুর খুব সহজে ব্যবহারযোগ্য একটি উপাদান, যা অল্পতেই খাবারের স্বাদ ও ঘ্রাণ বদলে দিতে পারে। তাই একঘেয়ে রান্নায় নতুনত্ব আনতে চাইলে আমচুর হতে পারে দারুণ একটি উপায়।
আরটিভি/জেএমএ