রোববার, ০৭ জুন ২০২৬ , ০৩:৫৩ পিএম
প্রতিদিনের রান্নাঘরের ব্যস্ততায় মাইক্রোওভেন এখন অনেক পরিবারের নিত্যসঙ্গী। খাবার গরম করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্না—সবকিছুতেই এর ব্যবহার বাড়ছে। তবে নিয়মিত ব্যবহারের কারণে মাইক্রোওভেনের ভেতরে তেলচিটে দাগ, ময়লা ও জীবাণু জমে যেতে পারে। ফলে যন্ত্রটির কার্যকারিতাও কমে যেতে পারে।
অনেকে লেবুর সাহায্যে মাইক্রোওভেন পরিষ্কার করেন। তবে ঘরে থাকা ভিনেগার ও বাসন মাজার তরল সাবান ব্যবহার করেও খুব সহজে মাইক্রোওভেন পরিষ্কার করা সম্ভব।
প্রথম ধাপ: দাগের ওপর ভিনেগার ব্যবহার
একটি স্প্রে বোতলে সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে নিন। মাইক্রোওভেনের ভেতরে জমে থাকা জেদি দাগের ওপর মিশ্রণটি স্প্রে করে রাখুন। পরে কাপড় দিয়ে মুছে ফেলুন।
দ্বিতীয় ধাপ: বাষ্পের সাহায্যে ময়লা নরম করুন
একটি তাপসহনীয় পাত্রে দুই কাপ পানি ও দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে মাইক্রোওভেনের ভেতরে রাখুন। এরপর তিন মিনিট গরম করুন। গরম করার পর দরজা না খুলে আরও ১৫ মিনিট রেখে দিন। এতে তৈরি হওয়া বাষ্প ভেতরের ময়লা ও তেলচিটে দাগ নরম করে দেবে।
তৃতীয় ধাপ: ভেতরের অংশ পরিষ্কার করুন
মাইক্রোওভেনের ঘূর্ণন ট্রে বের করে নিন। একটি নরম কাপড় ভিনেগারের মিশ্রণে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে ভেতরের অংশ মুছে ফেলুন। প্রয়োজন হলে নরম মাজনী ব্যবহার করতে পারেন। পরিষ্কার করার পর কিছু সময় দরজা খোলা রাখুন।
চতুর্থ ধাপ: ট্রে ধুয়ে নিন
গরম পানিতে বাসন মাজার তরল সাবান মিশিয়ে ট্রেটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর স্পঞ্জ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে আবার মাইক্রোওভেনের ভেতরে বসিয়ে দিন।
পঞ্চম ধাপ: বাইরের অংশ পরিষ্কার করুন
একটি পরিষ্কার কাপড়ে পরিষ্কারক নিয়ে মাইক্রোওভেনের বাইরের অংশ মুছে নিন। আলাদা পরিষ্কারক না থাকলে ভিনেগার, পানি ও তরল সাবানের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মাইক্রোওভেন পরিষ্কার করলে শুধু যন্ত্রটি দীর্ঘদিন ভালো থাকে না, খাবারও স্বাস্থ্যকর ও নিরাপদ থাকে। অল্প সময় ব্যয় করে এই সহজ পদ্ধতি অনুসরণ করলে মাইক্রোওভেন থাকবে ঝকঝকে ও জীবাণুমুক্ত।
আরটিভি/জেএমএ