images

লাইফস্টাইল / ধর্ম

চোখে সুরমা ব্যবহারে জানুন ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা

রোববার, ১৪ জুন ২০২৬ , ০২:১১ পিএম

চোখের সৌন্দর্য বাড়াতে অনেকেই সুরমা ব্যবহার করেন। তবে ইসলামি ঐতিহ্যে সুরমা শুধু সৌন্দর্যের উপকরণ নয়, বরং এটি চোখের উপকারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। হাদিসে সুরমা ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এর কিছু উপকারিতার কথাও উঠে এসেছে বিভিন্ন গবেষণায়।

ইসলামি বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের ‘ইছমিদ’ সুরমা ব্যবহারের পরামর্শ দিতেন। তিনি বলেছেন, ঘুমানোর সময় ইছমিদ সুরমা ব্যবহার করতে। কারণ এটি চোখের জ্যোতি বাড়ায় এবং ভ্রু গজাতে সাহায্য করে।

হাদিসে হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর একটি সুরমাদানি ছিল। তিনি প্রতি রাতে ঘুমানোর আগে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা ব্যবহার করতেন।

আরও পড়ুন
890o

জার্সি পরে নামাজ আদায় কি জায়েজ, জেনে নিন

সুরমা মূলত একটি খনিজ পদার্থ থেকে তৈরি হয়। এটি চূর্ণ করে ব্যবহার উপযোগী করা হয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন অঞ্চলে চোখের পরিচর্যায় এটি ব্যবহৃত হয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, কিছু ধরনের সুরমা চোখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এছাড়া চোখে প্রবেশ করা ধুলাবালি ও ক্ষতিকর উপাদান দূর করতেও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।

অনেকের বিশ্বাস, নিয়মিত সুরমা ব্যবহার চোখের আরাম বৃদ্ধি করে এবং চোখের জ্বালাপোড়া কমাতে সহায়তা করে। হাদিসেও চোখের উপকারের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

তবে চিকিৎসকদের মতে, সুরমা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ও নিরাপদ উপাদান ব্যবহার করা জরুরি। কারণ নিম্নমানের বা ভেজাল সুরমা চোখের ক্ষতির কারণও হতে পারে।

ইসলামি শিক্ষায় চোখের যত্ন ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সুরমা ব্যবহারের সুন্নত আজও অনেক মুসলমান অনুসরণ করে থাকেন।

তথ্যসূত্র: ইবনে মাজাহ, মুসনাদে আবু ইয়ালা, সুনানে বায়হাকি।


আরটিভি/জেএমএ