সোমবার, ১৫ জুন ২০২৬ , ১২:৩৬ পিএম
কফি অনেকের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ক্লান্তি দূর করে মনোযোগ বাড়ানো থেকে শুরু করে শরীরকে চাঙ্গা রাখতে এই পানীয়ের জনপ্রিয়তা ব্যাপক। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত কফি পান নীরবে মূত্রাশয় ও মূত্রতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চিকিৎসকদের মতে, কফিতে থাকা ক্যাফিন একটি ডাইইউরেটিক উপাদান হিসেবে কাজ করে, যা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে এবং কিছু ক্ষেত্রে প্রস্রাব ধরে রাখার ক্ষমতাও কমে যেতে পারে।
নয়ডার কিডনি রোগ বিশেষজ্ঞদের একজন জানান, অতিরিক্ত ক্যাফিন মূত্রাশয়ের অভ্যন্তরীণ আস্তরণে হালকা প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন বেশি পরিমাণ কফি পান করলে মূত্রাশয়ের স্বাভাবিক কার্যকারিতায় ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে।
অতিরিক্ত কফি পানের সম্ভাব্য লক্ষণ, বিশেষজ্ঞদের মতে, নিচের উপসর্গগুলো দেখা দিলে সতর্ক হওয়া উচিত।
*) অল্প পানি খেলেও ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভব হওয়া
*) অকারণেই বারবার প্রস্রাবের চাপ আসা
*) রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া
*) মূত্রাশয়ে অস্বস্তি, জ্বালা বা ব্যথা অনুভব করা
*) প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া।
চিকিৎসকদের পরামর্শ, পর্যাপ্ত পানি পান না করে বেশি কফি খেলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার ঝুঁকিও বাড়ে। পাশাপাশি দীর্ঘমেয়াদে মূত্রনালীর সংক্রমণ, পেলভিক ফ্লোরের দুর্বলতা এবং অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কফি পুরোপুরি বাদ না দিলেও পরিমিত পরিমাণে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ।
আরটিভি/এসকে