images

লাইফস্টাইল

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস

রোববার, ২১ জুন ২০২৬ , ০১:৫২ পিএম

শরীর ও মনের সুস্থতার জন্য সারা বিশ্বে দিন দিন বাড়ছে ইয়োগা বা যোগব্যায়ামের জনপ্রিয়তা। সেই সচেতনতা ছড়িয়ে দিতেই আজ, ২১ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।

প্রাচীন ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ যোগব্যায়াম। শত শত বছর ধরে শরীর সুস্থ রাখা, রোগ প্রতিরোধ এবং মানসিক প্রশান্তির জন্য মানুষ এই অনুশীলনের ওপর ভরসা করে আসছে। সময়ের সঙ্গে এর উপকারিতা বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। এখন শুধু ভারত নয়, বিশ্বের নানা দেশেও নিয়মিত যোগব্যায়াম চর্চা করা হচ্ছে।

‘যোগ’ শব্দটি এসেছে সংস্কৃত ভাষার ‘য়ুজ’ ও ‘য়ুজির’ শব্দ থেকে। এর অর্থ একত্র হওয়া বা সংযুক্ত হওয়া। যোগের মূল উদ্দেশ্য হলো শরীর, মন ও আত্মার মধ্যে সমন্বয় সৃষ্টি করা। পাশাপাশি চিন্তা ও কর্মের মধ্যে ভারসাম্য গড়ে তোলাও যোগব্যায়ামের অন্যতম লক্ষ্য।

আন্তর্জাতিকভাবে যোগ দিবস পালনের উদ্যোগ শুরু হয় ২০১৪ সালে। ওই বছরের ১১ ডিসেম্বর ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

আরও পড়ুন
Web-Image

সুরের মায়ায় আজ বিশ্ব সংগীত দিবস

এরপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি ও শরীরচর্চাভিত্তিক অনুষ্ঠান।

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য হলো— ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থ, সক্রিয় ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগব্যায়াম শরীরকে নমনীয় রাখে, মানসিক চাপ কমায় এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অনেকের মতে, শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিনই হতে পারে যোগচর্চার দিন।


আরটিভি/জেএমএ