রোববার, ২১ জুন ২০২৬ , ০৩:৫২ পিএম
প্রসাধনীর মধ্যে মাস্কারা এমন একটি উপকরণ, যা সহজে শেষ হতে চায় না। তবে অনেকেরই অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার আগেই মাস্কারা শুকিয়ে যায়। ফলে নতুন করে কিনতে হয়, যা বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, মাস্কারা তৈরিতে পানি, মোম ও বিশেষ উপাদান ব্যবহার করা হয়। প্রতিবার ব্যবহার করার সময় ব্রাশের সঙ্গে ভেতরে বাতাস ঢুকে যায়। এতে ধীরে ধীরে জলীয় অংশ শুকিয়ে যেতে থাকে। ফলে মাস্কারা ঘন হয়ে যায় এবং একসময় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
এছাড়া ঢাকনা ঠিকমতো বন্ধ না করা কিংবা রোদযুক্ত স্থানে রাখার কারণেও মাস্কারা দ্রুত নষ্ট হতে পারে।
তবে শুকিয়ে যাওয়া মাস্কারা আবার ব্যবহারযোগ্য করার একটি সহজ উপায় রয়েছে। অনেকেই এতে জল বা তেল মিশিয়ে ব্যবহার করতে চান। কিন্তু এতে প্রসাধনীর গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ, শুকিয়ে যাওয়া মাস্কারায় পানি বা তেল নয়, এক ফোঁটা স্যালাইন ব্যবহার করা যেতে পারে। এতে মাস্কারার মোম ও অন্যান্য উপাদান আবার আগের অবস্থায় ফিরতে সাহায্য করে।

এ ক্ষেত্রে ড্রপারের সাহায্যে মাত্র এক ফোঁটা স্যালাইন মাস্কারার ভেতরে দিতে হবে। এরপর ঢাকনা শক্ত করে বন্ধ করে দুই হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ ঘষতে হবে। এক মিনিট পরই দেখা যাবে মাস্কারা আবার আগের মতো তরল হয়ে গেছে।
তবে স্যালাইন এক ফোঁটার বেশি দেওয়া যাবে না। পাশাপাশি ব্রাশের ওপর সরাসরি স্যালাইন না পড়ার বিষয়েও সতর্ক থাকতে হবে।
মাস্কারা দীর্ঘদিন ভালো রাখতে বিশেষজ্ঞরা আরও কিছু পরামর্শ দিয়েছেন। ব্রাশ বারবার ওঠানামা না করে ধীরে ঘুরিয়ে বের করতে হবে, যাতে ভেতরে অতিরিক্ত বাতাস না ঢোকে। ব্যবহার শেষে ঢাকনা শক্ত করে বন্ধ করতে হবে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে।
সঠিক যত্ন নিলে মাস্কারা সহজে শুকাবে না, আর শুকিয়ে গেলেও এক ফোঁটা স্যালাইনেই ফিরে পেতে পারেন আগের ব্যবহারযোগ্যতা।
আরটিভি/জেএমএ