বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৩:১৭ পিএম
ঠোঁট ফেটে যাওয়া, শুষ্ক হয়ে খসখসে হয়ে যাওয়া কিংবা প্রাণহীন দেখানো— এমন সমস্যা শুধু শীতেই নয়, বছরের যে কোনো সময়েই দেখা দিতে পারে। অনেকেই এ সমস্যার সমাধানে দামি প্রসাধনীর ওপর নির্ভর করেন। তবে রান্নাঘরের একটি পরিচিত উপাদানই হতে পারে ঠোঁটের প্রাকৃতিক যত্নের সহজ সমাধান। আর সেটি হলো ঘি।
স্বাস্থ্য রক্ষায় ঘিয়ের উপকারিতা বহু আগেই স্বীকৃতি পেয়েছে। তবে ত্বক ও ঠোঁটের যত্নেও যে ঘি কার্যকর ভূমিকা রাখতে পারে, তা অনেকেরই অজানা। ঘিতে থাকা প্রাকৃতিক চর্বি ও পুষ্টিগুণ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ঠোঁট থাকে কোমল ও মসৃণ।
ঘিয়ের সঙ্গে কয়েকটি সহজলভ্য উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করা যায় কার্যকর ঠোঁটের যত্নের মিশ্রণ।
ঘি ও মধু
এক চা-চামচ ঘির সঙ্গে আধা চা-চামচ মধু মিশিয়ে রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগাতে পারেন। এই মিশ্রণ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ফাটা ঠোঁট দ্রুত কোমল করে।
ঘি ও নারকেল তেল
সমপরিমাণ ঘি ও নারকেল তেল মিশিয়ে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের শুষ্কতা কমে এবং ঠোঁট নরম থাকে।
ঘি ও গোলাপের পাপড়ি
তাজা গোলাপের পাপড়ি বেটে ঘির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে ঠোঁটে ব্যবহার করুন। এতে ঠোঁটের রুক্ষতা কমার পাশাপাশি স্বাভাবিক উজ্জ্বলতাও ফিরতে পারে।
ঘি ও বিটের রস
এক চা-চামচ ঘির সঙ্গে সামান্য বিটের রস মিশিয়ে ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা কমে। পাশাপাশি ঠোঁটে হালকা প্রাকৃতিক আভাও যোগ হতে পারে।
ঘি ও ভিটামিন ই
এক টেবিল-চামচ ঘির সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করলে ঠোঁটের আর্দ্রতা দীর্ঘ সময় ধরে বজায় থাকে। এটি ঠোঁটকে কোমল রাখতেও সহায়তা করে।
ঠোঁটের যত্নে সবসময় বাজারের প্রসাধনীর প্রয়োজন হয় না। ঘরোয়া কিছু উপাদানও হতে পারে কার্যকর সমাধান। নিয়মিত যত্নে ঘিয়ের এই সহজ মিশ্রণগুলো ঠোঁটকে রাখতে পারে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।
আরটিভি/জেএমএ