images

লাইফস্টাইল / রূপচর্চা

তিসিবীজেই ফিরবে চুলের জেল্লা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১১:০৬ এএম

ঘন, লম্বা ও ঝলমলে চুলের জন্য অনেকেই এখন ভরসা রাখছেন তিসিবীজে। কেউ ব্যবহার করছেন তিসির তেল, কেউ আবার খাবারের সঙ্গে খাচ্ছেন তিসিবীজের গুঁড়া। তবে সত্যিই কি এই ছোট্ট বীজ চুলের যত্নে এতটা কার্যকর? বিশেষজ্ঞদের মতে, তিসিবীজে থাকা পুষ্টিগুণ চুলের জন্য উপকারী হলেও শুধু এর ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল মিলবে না।

তিসিবীজে রয়েছে প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, আঁশ, অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন বি ও ভিটামিন ই। এসব উপাদান চুলের গোড়া মজবুত করতে, ভেঙে যাওয়া কমাতে এবং চুলকে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। বিশেষ করে তিসির তেল চুলের ওপর একটি সুরক্ষার স্তর তৈরি করে, যা রুক্ষতা কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, তিসিবীজে থাকা ওমেগা–৩ শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি চুলের স্বাভাবিক বৃদ্ধিতেও সহায়ক হতে পারে। আবার ভিটামিন বি চুলকে শক্তিশালী করে এবং ভিটামিন ই মাথার ত্বককে সুরক্ষা দিয়ে চুলের গোড়া আরও মজবুত রাখতে সাহায্য করে।

চুলের যত্নে তিসির তেল বিভিন্নভাবে ব্যবহার করা যায়। চুলে হালকা করে তেল মালিশ করে ১৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। আবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের আগেও কিছুক্ষণ তিসির তেল লাগিয়ে রাখা যায়। অনেকে তিসিবীজ দিয়ে তৈরি জেলও ব্যবহার করেন, যা সারাদিন চুলে রেখে পরে ধুয়ে ফেলা যায়।

আরও পড়ুন
Web-Image

রান্না থেকে সৌন্দর্যচর্চা, জেনে নিন শুকনো রোজমেরির দারুণ সব ব্যবহার

শুধু বাইরে নয়, খাবারের মাধ্যমেও তিসিবীজ গ্রহণ করা যায়। গুঁড়া করে ওটস, সালাদ বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে তিসির তেলের ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তবে তিসিবীজ ব্যবহারে কিছু সতর্কতাও রয়েছে। এটি কারও কারও ক্ষেত্রে গ্যাস, পেটফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি করতে পারে। অপরিপক্ব বা আস্ত বীজ খেলে বিষক্রিয়ার ঝুঁকিও থাকে। এছাড়া এটি রক্তচাপ কমাতে পারে এবং কিছু ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা আরও জানান, তিসিবীজ ওমেগা–৩–এর ভালো উৎস হলেও শরীর এটি সরাসরি ব্যবহার করতে পারে না। তাই শুধু তিসিবীজের ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় চর্বিযুক্ত মাছসহ অন্যান্য পুষ্টিকর খাবারও রাখা প্রয়োজন।

তিসিবীজ ও তিসির তেল চুলের যত্নে উপকারী হতে পারে। তবে এটি কোনো জাদুকরি সমাধান নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সঠিক পরিচর্যা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শের সঙ্গে ব্যবহার করলে তবেই মিলতে পারে ভালো ফল।


আরটিভি/জেএমএ