মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০২:২৩ পিএম
ফুসফুসের ক্যানসার বিশ্বের অন্যতম প্রাণঘাতী ক্যানসারের একটি। উদ্বেগের বিষয় হলো, রোগটির প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সাধারণ সর্দি-কাশি বা মৌসুমি অসুস্থতার সঙ্গে মিল থাকায় বেশিরভাগ মানুষ গুরুত্ব দেন না। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসাও জটিল হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যানসার যত দ্রুত শনাক্ত করা যায়, চিকিৎসার সম্ভাবনা ততই বাড়ে। তাই দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
যেসব লক্ষণে সতর্ক হবেন
দীর্ঘদিনের কাশি: সাধারণ সর্দি-কাশির কাশি সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে কাশি যদি কয়েক সপ্তাহ ধরে স্থায়ী হয়, ধীরে ধীরে বেড়ে যায় বা কাশি গভীর ও কর্কশ হয়ে ওঠে, তাহলে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বারবার ফুসফুসে সংক্রমণ: ঘনঘন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হওয়া, বিশেষ করে ফুসফুসের একই অংশে বারবার সংক্রমণ দেখা দিলে তা ফুসফুসে টিউমারের ইঙ্গিত হতে পারে।
বুকে ব্যথা বা অস্বস্তি: হালকা বুকব্যথা, চাপ অনুভব করা বা গভীর শ্বাস নেওয়া, কাশি দেওয়া কিংবা হাসার সময় ব্যথা বেড়ে গেলে তা অবহেলা করা উচিত নয়। ফুসফুস বা আশপাশের স্নায়ু আক্রান্ত হলে এমন লক্ষণ দেখা দিতে পারে।
কণ্ঠস্বর পরিবর্তন: ঠান্ডা-জ্বরের কারণে সাময়িকভাবে গলা বসে যেতে পারে। তবে দুই সপ্তাহের বেশি সময় ধরে কণ্ঠস্বর কর্কশ থাকলে বা স্বাভাবিকের তুলনায় বদলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শ্বাসকষ্ট: স্বাভাবিক হাঁটা, সিঁড়ি ওঠা বা দৈনন্দিন কাজের সময় যদি শ্বাস নিতে কষ্ট হয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে, তাহলে এটি ফুসফুসের গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।
অকারণে ওজন কমে যাওয়া: খাদ্যাভ্যাস বা ব্যায়ামে কোনো পরিবর্তন না এনেও যদি দ্রুত ওজন কমে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। ক্যানসার কোষের কারণে শরীরের বিপাকক্রিয়া পরিবর্তিত হয়ে এমনটি ঘটতে পারে।
উল্লিখিত কোনো লক্ষণ দুই থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকলে, কিংবা ধীরে ধীরে আরও তীব্র হলে দ্রুত একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে চিকিৎসক বুকের এক্স-রে, সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা করে রোগ নির্ণয়ের পরামর্শ দিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়াই রোগটি দ্রুত শনাক্ত ও সফল চিকিৎসার অন্যতম চাবিকাঠি।
আরটিভি/এসকে