মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:২০ পিএম
পনির পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ একটি খাবার। তবে অনেকের ধারণা, পনির খেলেই বদহজম হয় বা ওজন বেড়ে যায়। পুষ্টিবিদদের মতে, সমস্যার মূল কারণ পনির নয়; বরং এটি কীভাবে, কখন এবং কোন খাবারের সঙ্গে খাওয়া হচ্ছে, সেটিই সবচেয়ে জরুরি।
পুষ্টিবিদরা বলেন, অতিরিক্ত শর্করাজাতীয় খাবার, মিষ্টি সস বা গভীর রাতে পনির খেলে পেট ফাঁপা, বদহজম, পেটে অস্বস্তি এমনকি ত্বকের সমস্যাও দেখা দিতে পারে।
পুষ্টিবিদদের মতে, ভাত, রুটি, পরোটা বা অন্য ভারী খাবারের সঙ্গে পনির খেলে হজমের ওপর বাড়তি চাপ পড়ে। একইভাবে ডাল, রাজমা বা ছোলার মতো খাবারের সঙ্গে পনির খাওয়াও অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে।
পনিরে থাকা বিশেষ ধরনের প্রোটিন ধীরে হজম হয়। তাই ভারী বা বেশি শর্করাযুক্ত খাবারের সঙ্গে এটি খেলে পেটের অস্বস্তি বাড়তে পারে। তবে সবার হজমক্ষমতা এক নয়। তাই একই ধরনের খাবার সবার শরীরে একই প্রভাব ফেলবে, এমন নয়।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, পনিরের সঙ্গে ফল, দুধ, দই বা লস্যির মতো দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। এতে পেট ফাঁপা ও হজমের সমস্যা বাড়তে পারে। পাশাপাশি পনির গভীর তেলে ভেজে বা অতিরিক্ত তেলযুক্ত খাবার হিসেবে খাওয়াও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যকরভাবে পনির খেতে চাইলে বিভিন্ন ধরনের সবজির সঙ্গে রান্না করে খাওয়া সবচেয়ে ভালো। সালাদের সঙ্গেও পনির রাখা যেতে পারে। এ ছাড়া ভাজার পরিবর্তে মসলা মেখে গ্রিল করে বা ঝোলে রান্না করেও খাওয়া যায়।
পুষ্টিবিদদের মতে, যদি রুটির সঙ্গে পনির খেতেই হয়, তাহলে আটা বা জোয়ার-বাজরার রুটি বেছে নেওয়া ভালো। তবে একসঙ্গে বেশি রুটি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পনির খাওয়ার সময় আরও কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কম চর্বিযুক্ত পনির বেছে নেওয়া, অতিরিক্ত ঘি ও মসলা এড়িয়ে চলা এবং পর্যাপ্ত সবজির সঙ্গে খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। দৈনিক প্রোটিনের চাহিদা পূরণে ১৫০ থেকে ২০০ গ্রাম পনিরই যথেষ্ট বলে জানিয়েছেন তারা।
রাতের খাবারে পনির রাখতে চাইলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। আর ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে ও সঠিক খাবারের সঙ্গে পনির খেলে এটি শরীরের জন্য উপকারী। তবে ভুল খাদ্যাভ্যাসের কারণে বদহজম, পেট ফাঁপা কিংবা ওজন বাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই পনির খাওয়ার ক্ষেত্রেও সচেতন থাকা জরুরি।
আরটিভি/জেএমএ