মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৪:৫০ পিএম
কম তেলে সুস্বাদু খাবার রান্নার জন্য অনেকেরই প্রথম পছন্দ এখন এয়ার ফ্রায়ার। মাংস, সবজি কিংবা বিভিন্ন ভাজাপোড়া—সবই খুব অল্প তেলে তৈরি করা যায়। তবে অনেকের মনেই প্রশ্ন, এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ ঠিক থাকে, নাকি গ্যাসের চুলায় রান্না করাই বেশি উপকারী?
পুষ্টিবিদরা বলেন, শুধু কোন যন্ত্রে রান্না করা হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। বরং কীভাবে রান্না করা হচ্ছে, তার ওপরই খাবারের পুষ্টিগুণ অনেক বেশি নির্ভর করে।
পুষ্টিবিদদের মতে, এয়ার ফ্রায়ারে গরম বাতাসের সাহায্যে অল্প সময়ের মধ্যে রান্না হয়। এতে খুব কম তেল লাগে, ফলে খাবারে অতিরিক্ত চর্বি ও ক্যালরির পরিমাণও কম থাকে। কিছু গবেষণায় দেখা গেছে, এভাবে রান্না করা কিছু সবজিতে ভাজা বা হালকা তেলে রান্নার তুলনায় বেশি পরিমাণে উপকারী উপাদান বজায় থাকতে পারে।
অন্যদিকে, গ্যাসের চুলায় রান্নারও রয়েছে নিজস্ব সুবিধা। ভাপে রান্না, কষানো, ঝোল বা ভুনা—বিভিন্নভাবে খাবার তৈরি করা যায়। তবে পুষ্টিগুণ কতটা থাকবে, তা নির্ভর করে রান্নার সময়, তাপমাত্রা এবং পদ্ধতির ওপর।
বিশেষজ্ঞরা জানান, সবজি ভাপে রান্না করলে অনেক ক্ষেত্রে ভিটামিন বেশি থাকে। কিন্তু একই সবজি বেশি সময় পানিতে সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন কমে যেতে পারে। আবার কিছু সবজি সঠিকভাবে রান্না করলে উপকারী উপাদানের পরিমাণ বেড়েও যেতে পারে।
পুষ্টিবিদরা বলেন, এয়ার ফ্রায়ারে কম সময়ে রান্না হওয়ায় তাপে সহজে নষ্ট হওয়া কিছু ভিটামিন তুলনামূলক ভালোভাবে বজায় থাকতে পারে। আবার গ্যাসের চুলায় রান্না করতে সময় বেশি লাগলেও এতে থাকা প্রোটিন, খনিজ ও খাদ্যআঁশ সাধারণত নষ্ট হয় না।
পুষ্টিবিদরা আরও বলেন, খাবারের পুষ্টিগুণ ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম আঁচে, কম তেলে এবং প্রয়োজনীয় সময় ধরে রান্না করা। একই সঙ্গে খাবার যেন পুড়ে না যায় বা অতিরিক্ত ভাজা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এয়ার ফ্রায়ার ও গ্যাসের চুলা—দুটিতেই স্বাস্থ্যকর খাবার রান্না করা সম্ভব। তাই কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক রান্নার পদ্ধতি অনুসরণ করা। তাহলেই খাবারের স্বাদ ও পুষ্টিগুণ—দুটিই বজায় রাখা সম্ভব।
আরটিভি/জেএমএ