images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? অবহেলা করলেই হতে পারে প্রাণঘাতী বিপদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০১:০১ পিএম

হঠাৎ এক চোখে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা যাচ্ছে? এরপর আবার সব স্বাভাবিক হয়ে যাচ্ছে? অনেকেই এটিকে চোখের ক্লান্তি, ঘুমের অভাব বা অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফল বলে মনে করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই সামান্য উপসর্গই কখনও কখনও বড় ধরনের মস্তিষ্কের রক্তনালির সমস্যার আগাম সতর্কবার্তা হতে পারে।

কখন সতর্ক হবেন?

চিকিৎসকদের মতে, যদি এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে আসে, তাহলে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি সাময়িকভাবে চোখে রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে। সময়মতো চিকিৎসা নিলে ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোক বা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

কেন হয় এমন?

এই সমস্যার মূল কারণ হলো চোখের রেটিনায় কিছু সময়ের জন্য রক্তপ্রবাহ কমে যাওয়া। তখন মনে হতে পারে, চোখের সামনে হঠাৎ পর্দা নেমে এসেছে বা কালো ছায়া ঢেকে দিয়েছে। কিছুক্ষণ পর আবার সব স্বাভাবিক হয়ে যায়। এই কারণেই অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না।

আরও পড়ুন
Web-Image

বিয়ের আগে যুগলের স্বাস্থ্য পরীক্ষা কতটা জরুরি 

কোন লক্ষণগুলো অবহেলা করবেন না?

বিশেষজ্ঞদের মতে, নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

১. এক চোখে হঠাৎ ঝাপসা দেখা। 
২. কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য দৃষ্টিশক্তি আংশিক বা পুরোপুরি কমে যাওয়া। 
৩. চোখের সামনে কালো ছায়া বা পর্দা নেমে আসার অনুভূতি। 
৪. কিছুক্ষণ পর আবার দৃষ্টি স্বাভাবিক হয়ে যাওয়া। 
৫. এর সঙ্গে মাথা ঘোরা, শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, দুর্বল লাগা বা কথা বলতে অসুবিধা হওয়া। 

কী কারণে ঝুঁকি বাড়ে?

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, হৃদ্‌যন্ত্রের অনিয়মিত স্পন্দন, ঘাড়ের প্রধান রক্তনালি সরু হয়ে যাওয়া বা রক্ত জমাট বাঁধার মতো সমস্যার কারণে এমনটি হতে পারে।

কীভাবে রোগ নির্ণয় করা হয়?

প্রয়োজন অনুযায়ী চিকিৎসক চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও চর্বির মাত্রা পরীক্ষা, ঘাড়ের রক্তনালির আল্ট্রাসনোগ্রাফি, হৃদ্‌যন্ত্রের পরীক্ষা এবং প্রয়োজন হলে মস্তিষ্কের বিশেষ পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের উপসর্গ কখনোই অবহেলা করা উচিত নয়। রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ওষুধ বা অন্য চিকিৎসা গ্রহণ করলে ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

চোখে কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা দেখাও অনেক সময় শরীরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। তাই এমন সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।


আরটিভি/জেএমএ