images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

দুই বেলা ভাত খেলেও কমতে পারে ওজন 

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১২:৩৬ পিএম

ওজন কমাতে চাইলে ভাত একেবারে বাদ দিতে হবে—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। কেউ দুপুরে রুটি, আবার কেউ রাতে শুধু সালাদ খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন। তবে পুষ্টিবিদদের মতে, ভাত নয়, বরং খাবারের পরিমাণ ও ক্যালোরির ভারসাম্যই ওজন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের ওজন বাড়া বা কমা নির্ভর করে সারাদিনে কত ক্যালোরি গ্রহণ করছেন এবং কত ক্যালোরি খরচ করছেন তার ওপর। শুধু ভাত খাওয়ার কারণে ওজন বাড়ে—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এক কাপ সাদা ভাতে গড়ে ১৮০ থেকে ২০০ ক্যালোরি থাকে। অন্যদিকে একটি মাঝারি আকারের আটার রুটিতে প্রায় ৯০ ক্যালোরি থাকে। অর্থাৎ দুটি রুটির ক্যালোরি প্রায় এক কাপ ভাতের সমান। তাই ভাত বাদ দিয়ে বেশি রুটি খেলেও অতিরিক্ত ক্যালোরি শরীরে জমতে পারে।

পুষ্টিবিদদের মতে, দিনে দুই বেলাই ভাত খাওয়া সম্ভব। তবে ভাতের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খাবারের সঙ্গে প্রোটিন ও সবজি রাখতে হবে। এক কাপ ভাতের সঙ্গে মাছ, মুরগি, ডিম, ডাল বা পনির এবং পর্যাপ্ত সবজি থাকলে খাবারটি আরও পুষ্টিকর হয়। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় ক্ষুধাও কম লাগে।

অনেকেই মনে করেন, রাতে ভাত খেলেই মেদ বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধারণাও সঠিক নয়। রাতে পরিমিত পরিমাণে ভাতের সঙ্গে প্রোটিন ও আঁশযুক্ত সবজি খেলে শরীর সেই খাবার সহজেই কাজে লাগাতে পারে। বরং অতিরিক্ত ক্ষুধা নিয়ে ঘুমাতে গেলে পরে বেশি খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

আরও পড়ুন
Web-Image

পটল না খেলে যেসব পুষ্টিগুণ থেকে হবেন বঞ্চিত 

ওজন কমানোর সময় খাবারের প্লেটে ভারসাম্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কাপ ভাতের সঙ্গে প্রায় ১৫০ গ্রাম মাছ বা মুরগির মাংস, অথবা দুটি ডিম, এক বাটি ডাল এবং এক বাটি সবজি রাখলে শরীর প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন ও আঁশ একসঙ্গে পায়। এতে রক্তে শর্করার ওঠানামাও তুলনামূলক কম হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, শুধু ভাত নয়, অতিরিক্ত রুটিও ওজন বাড়াতে পারে। অনেকেই একসঙ্গে চার-পাঁচটি রুটি খেয়ে ফেলেন, এতে মোট ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। তাই ভাত বা রুটি—যেটিই খাওয়া হোক না কেন, পরিমাণ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি।

নিয়মিত হাঁটা, ব্যায়াম বা শরীরচর্চা করলে ভাত খাদ্যতালিকায় রাখা আরও সহজ হয়। কারণ শরীর তখন কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। তবে যারা সারাদিন বসে কাজ করেন, তাদের খাবারের পরিমাণ ও ক্যালোরি সম্পর্কে আরও সচেতন থাকা প্রয়োজন।

পুষ্টিবিদদের মতে, ওজন বাড়ার জন্য শুধু ভাতকে দায়ী করা ঠিক নয়। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, কম শারীরিক পরিশ্রম এবং ভারসাম্যহীন খাদ্যাভ্যাসই ওজন বৃদ্ধির প্রধান কারণ। তাই ওজন কমাতে ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই, বরং পরিমিত পরিমাণে ও সুষমভাবে খাওয়াই সবচেয়ে ভালো উপায়।


আরটিভি/জেএমএ