images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

এক পুদিনা পাতাতেই লুকিয়ে স্বাস্থ্য আর সৌন্দর্যের যত্ন

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ১০:০৪ এএম

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে পুদিনা পাতার ব্যবহার নতুন কিছু নয়। তবে শুধু রান্নাই নয়, প্রাচীনকাল থেকেই ভেষজ উপাদান হিসেবেও পুদিনা পাতার ব্যবহার চলে আসছে। ত্বকের যত্ন থেকে শুরু করে হজমের সমস্যা, সর্দি-কাশি এমনকি শরীর সতেজ রাখতেও পুদিনা পাতার নানা উপকারিতার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিভিন্ন গবেষণাও চলছে। চলুন জেনে নেওয়া যাক পুদিনা পাতার ১০টি গুরুত্বপূর্ণ গুণ।

রোদে পোড়া ত্বকে আরাম

রোদে ত্বক পুড়ে গেলে পুদিনা পাতার রসের সঙ্গে ঘৃতকুমারীর রস মিশিয়ে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে ধুয়ে ফেললে জ্বালাভাব কমতে পারে।

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে

বিজ্ঞানীদের মতে, পুদিনা পাতায় থাকা একটি বিশেষ উপাদান শরীরে ক্যানসারের কোষের বৃদ্ধি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

ব্রণ ও তেলতেলে ত্বকের যত্নে

তাজা পুদিনা পাতা বেটে মুখে লাগালে ত্বকের অতিরিক্ত তেল কমতে পারে। নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগও হালকা হতে পারে।

চুলের উকুন দূর করতে

পুদিনা পাতা বা শিকড়ের রস মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উকুন কমাতে সাহায্য করতে পারে। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ভালো ফল মিলতে পারে।

আরও পড়ুন
Web-Image

কিডনি বিকলে কোন চিকিৎসা সবচেয়ে কার্যকর 

সর্দি-কাশিতে স্বস্তি

নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের সময় পুদিনা পাতার রস বা পাতা ফুটিয়ে তৈরি গরম পানির ভাপ অনেকের জন্য আরামদায়ক হতে পারে। গার্গল করলেও উপকার পাওয়া যায়।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

পুদিনা, গোলাপ, আমলকি, বাঁধাকপি ও শসার নির্যাস একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করতে পারে।

হজমে সহায়ক

পুদিনা পাতায় থাকা উপকারী উপাদান হজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। খাবারের পর পুদিনা পাতার চা পান করলে পেটের অস্বস্তি ও বদহজম কমতে পারে।

গরমে শরীর ঠান্ডা রাখে

গোসলের পানিতে কিছু পুদিনা পাতা ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করলে শরীর সতেজ ও আরামদায়ক অনুভূতি দিতে পারে।

ত্বকের সংক্রমণ ও দুর্গন্ধ কমাতে

পুদিনা পাতা ফুটিয়ে তৈরি পানি গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ঘামের দুর্গন্ধ কমাতে সহায়তা করতে পারে। ঘামাচি ও অ্যালার্জির ঝুঁকিও কিছুটা কমতে পারে।

ব্যথা কমাতে উপকারী

মাথাব্যথা হলে পুদিনা পাতার চা পান বা তাজা পাতা চিবিয়ে খাওয়া উপকারী হতে পারে। আবার সন্ধির ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ হিসেবেও ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, পুদিনা পাতা নানা উপকারিতা থাকলেও এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। তাই দীর্ঘদিনের শারীরিক সমস্যা বা গুরুতর অসুস্থতায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে দৈনন্দিন জীবনে পরিমিতভাবে পুদিনা পাতা ব্যবহার করলে শরীর ও ত্বকের যত্নে এর নানা উপকার পাওয়া যেতে পারে।


আরটিভি/জেএমএ