বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১০:৫৩ এএম
গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে অনেক মেয়েরাই শেভিং করেন। তবে শেভ করার পর ত্বকে ছোট ছোট দানা, জ্বালাপোড়া, লালচে ভাব বা চামড়ার নিচে লোম ঢুকে যাওয়ার মতো সমস্যায়ও ভোগেন অনেকে। অনেকের ধারণা, শেভিং করলে লোম মোটা হয়ে যায় বা ত্বক কালো হয়ে যায়। তবে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, শেভিং নয়, বরং ভুল পদ্ধতিতে শেভ করাই এসব সমস্যার মূল কারণ।
বিশেষজ্ঞদের মতে, শেভিংয়ের আগে ও পরে ত্বকের সঠিক যত্ন নিলে ত্বক মসৃণ ও কোমল রাখা সম্ভব।
চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, মেয়েদের জন্য তৈরি বহু ব্লেডযুক্ত রেজার সব সময় ভালো নাও হতে পারে। এতে অনেক সময় লোম পুরোপুরি না কেটে চামড়ার নিচে ঢুকে যেতে পারে, ফলে দানা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। এ কারণে এক ব্লেডের রেজার ব্যবহার তুলনামূলক ভালো হতে পারে।
শেভিংয়ের আগে ত্বক পরিষ্কার করাও খুব গুরুত্বপূর্ণ। ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর না করলে রেজার ঠিকভাবে কাজ করতে পারে না। তাই শেভ করার আগে মৃদু পরিষ্কারক দিয়ে আলতোভাবে ত্বক পরিষ্কার করলে লোম নরম হয় এবং শেভ করাও সহজ হয়।
শুধু রেজার ব্যবহার করলেই হবে না, শেভিংয়ের সময় শেভিং ক্রিম ব্যবহার করাও জরুরি। এটি ত্বক ও রেজারের মাঝখানে একটি মসৃণ স্তর তৈরি করে। ফলে ঘর্ষণ কম হয়, কেটে যাওয়ার ঝুঁকি কমে এবং শেভের পর ত্বক অনেক বেশি কোমল থাকে।
শেভিং শেষ হওয়ার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য ইউরিয়া-সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম থাকে, মৃত কোষ ধীরে ধীরে দূর হয় এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কাও কমে।
বিশেষজ্ঞদের মতে, শেভিং নিয়ে প্রচলিত অনেক ধারণাই সঠিক নয়। সঠিক নিয়ম মেনে শেভ করলে ত্বকে জ্বালাপোড়া, দানা বা অন্যান্য সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই শুধু শেভ করাই নয়, শেভিংয়ের আগে ও পরে ত্বকের যত্ন নেওয়াও সমান জরুরি।
আরটিভি/জেএমএ