images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

প্রতিদিন কতটা লবণ খাওয়া নিরাপদ

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৯:৫৯ এএম

খাবারের স্বাদ বাড়াতে লবণের বিকল্প নেই। তবে প্রয়োজনের চেয়ে বেশি লবণ খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। আর দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌রোগ, স্ট্রোক এবং কিডনির নানা জটিলতার আশঙ্কাও বাড়ে।

অনেকেই মনে করেন, খাবারে বাড়তি লবণ না ছিটালে ঝুঁকি কম। কিন্তু বাস্তবে প্রতিদিন যে লবণ শরীরে প্রবেশ করে, তার বড় একটি অংশ আসে আগে থেকেই প্রক্রিয়াজাত খাবারে থাকা লবণ থেকে। সকালের নাশতার শস্যজাতীয় খাবার, পাউরুটি, স্যুপ, সস, বিস্কুট, নুডলস, চিপস, আচার এবং বিভিন্ন প্যাকেটজাত খাবারে লবণের পরিমাণ তুলনামূলক বেশি থাকে।

বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার কেনার আগে পণ্যের গায়ে থাকা পুষ্টি তথ্য পড়ে নেওয়া উচিত। প্রতি ১০০ গ্রাম খাবারে যদি দেড় গ্রামের বেশি লবণ থাকে, তবে সেটিকে উচ্চ লবণযুক্ত খাবার হিসেবে ধরা হয়। তাই এমন খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো।

প্রাপ্তবয়স্ক এবং ১১ বছর বা তার বেশি বয়সীদের জন্য দিনে সর্বোচ্চ ছয় গ্রাম বা প্রায় এক চা-চামচ লবণই যথেষ্ট। এর মধ্যে রান্নায় ব্যবহৃত লবণের পাশাপাশি প্যাকেটজাত খাবারে থাকা লবণও অন্তর্ভুক্ত। ছোট শিশুদের ক্ষেত্রে এর চেয়েও কম লবণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image

পেট ভরা রাখবে যে খাবার

পুষ্টিবিদদের মতে, লবণ কমাতে রান্নায় অতিরিক্ত লবণ ব্যবহার না করে লেবুর রস, ধনেপাতা, পুদিনা, আদা, রসুন কিংবা বিভিন্ন প্রাকৃতিক মসলা ব্যবহার করা যেতে পারে। এতে খাবারের স্বাদও বজায় থাকে, আবার অতিরিক্ত লবণ খাওয়ার ঝুঁকিও কমে।

বিশেষজ্ঞরা আরও বলেন, নিয়মিত তাজা ফল, শাকসবজি এবং ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে অতিরিক্ত লবণ গ্রহণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদ্‌যন্ত্র ও শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামান্য সচেতনতা এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে ছোট কিছু পরিবর্তনই উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো গুরুতর রোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।


আরটিভি/জেএমএ