মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৯:২৮ এএম
সম্প্রতি অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় চলতি মাসে তাদের বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ বিল কয়েকগুণ বেশি এসেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়। এসব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি অতিরিক্ত বিল এসেছে বলে মনে হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সরকার।
অতিরিক্ত বিল এলে যা করবেন
প্রথমেই বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখ থাকা রিডিং মিলিয়ে দেখুন। রিডিংয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ জানিয়ে একটি অভিযোগ নম্বর (কমপ্লেইন আইডি) সংগ্রহ করুন।
এরপরও সমস্যার সমাধান না হলে, গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন জমা দিতে হবে।
যেসব নম্বরে অভিযোগ করবেন
গ্রাহকরা ঘরে বসেই অতিরিক্ত বিল বা বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ নিচের হটলাইন নম্বরগুলোতে জানাতে পারবেন-
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯ (দেশের যেকোনো অঞ্চলের গ্রাহকদের জন্য)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
পল্লী বিদ্যুৎ/আরইবি: ১৬৮৯৯
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিলে কোনো অসঙ্গতি বা অস্বাভাবিক বৃদ্ধি চোখে পড়লে বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে