images

লাইফস্টাইল

দেখতে এক হলেও এই মাছ ইলিশ নয়, জেনে নিন চেনার উপায় 

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৫:৫৮ পিএম

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশের কদর। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ইলিশের দাম এখন বেশ চড়া। এই সুযোগে অনেক অসাধু বিক্রেতা ইলিশের বদলে সার্ডিন বা চন্দনা মাছ বিক্রি করছেন। দেখতে অনেকটা একই রকম হওয়ায় সাধারণ ক্রেতারা সহজেই বিভ্রান্ত হন। তাই কয়েকটি সহজ উপায়ে আসল ইলিশ চেনার কৌশল জেনে রাখা জরুরি।

যেভাবে চিনবেন আসল ইলিশ:

১. শরীরের গঠন দেখুন
আসল ইলিশের পেট ও পিঠ সমানভাবে বাঁকানো থাকে, ফলে মাছটির আকৃতি অনেকটা মাকুর মতো দেখায়। অন্যদিকে সার্ডিন বা চন্দনা মাছের পেটের অংশ তুলনামূলক বেশি বাঁকানো থাকে।

২. আকারে পার্থক্য
সার্ডিন বা চন্দনা সাধারণত ৬ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। কিন্তু একটি পূর্ণবয়স্ক ইলিশের দৈর্ঘ্য প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

৩. গন্ধে মিলবে পরিচয়
কাঁচা ইলিশের একটি স্বতন্ত্র ও তাজা গন্ধ থাকে। সার্ডিন বা চন্দনা মাছে সেই পরিচিত ইলিশের গন্ধ পাওয়া যায় না।

৪. পাখনা ও লেজের রঙ লক্ষ্য করুন
সার্ডিন মাছের পিঠের পাখনার সামনের অংশ এবং লেজের দিক কিছুটা ঘোলাটে রঙের হয়। বিপরীতে, ইলিশের ওই অংশগুলো তুলনামূলক সাদাটে ও উজ্জ্বল দেখায়।

৫. টাটকা কি না বুঝবেন যেভাবে
টাটকা ইলিশ সবসময় শক্ত ও দৃঢ় থাকে। হাতে তুলে ধরলে যদি মাছটির মাথা বা লেজ বেশি ঝুলে পড়ে, তাহলে বুঝতে হবে মাছটি তাজা নয়। এতে স্বাদ ও গুণগত মানও কমে যেতে পারে।

বাজার থেকে ইলিশ কেনার সময় এসব বিষয় খেয়াল রাখলে সহজেই আসল ইলিশ চেনা সম্ভব হবে। ফলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও অনেকটাই কমবে।

আরটিভি/এসকে