images

পরামর্শ

ফ্রিজে ঠান্ডা নাকি গরম খাবার রাখবেন?

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৯:৫৮ পিএম

রান্না করা গরম খাবার ফ্রিজে রাখা নিয়ে আমাদের অনেকের মনেই একধরনের দ্বিধা কাজ করে। অনেকে মনে করেন, খাবার গরম অবস্থায় ফ্রিজে রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে কিংবা ফ্রিজের ক্ষতি হতে পারে।

কিন্তু আধুনিক বিজ্ঞান এবং পুষ্টিবিদেরা বলছেন একদম উল্টো কথা। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং খাবারের মান ধরে রাখতে পুরোনো ধারণা বদলে ফেলা জরুরি।

মূলত ঘরের তাপমাত্রায় খাবার ঠান্ডা হতে দিলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুষ্টিবিদদের মতে, রান্না করা খাবার পরিবেশনের পরপরই বা রান্নার সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত। বিশেষ করে মাংসের ক্ষেত্রে এটি মেনে চলতেই হবে। যদি আশপাশের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তবে এই সময় মাত্র ১ ঘণ্টা।

খাবারের ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির জন্য ৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় ‘ডেঞ্জার জোন’। কক্ষ তাপমাত্রায় ব্যাকটেরিয়া প্রতি ৩০-৪০ মিনিটে দ্বিগুণ হয়ে যায়, যা থেকে ফুড পয়জনিং হওয়ার ঝুঁকি বাড়ে। ফ্রিজে রাখলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে থামিয়ে দেয়।

অনেকে মনে করেন, গরম খাবার রাখলে ফ্রিজের কম্প্রেশারের ওপর চাপ পড়বে। তবে আধুনিক ফ্রিজগুলো এমনভাবে তৈরি যে, এতে সেন্সর এবং শক্তিশালী কুলিং সিস্টেম থাকে যা উচ্চ তাপমাত্রা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এর জন্য সামান্য বাড়তি বিদ্যুৎ খরচ হতে পারে, যা সুস্বাস্থ্যের তুলনায় খুবই নগণ্য।

আরও পড়ুন
8451515

রান্নার আগে মুরগি ধোয়া কি আসলেই নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা

তবে খাবার সংরক্ষণের সময় কিছু কৌশল অবলম্বন করা উচিত। যেমন—অনেক বেশি খাবার বড় হাঁড়িতে না রেখে ছোট ছোট পাত্রে ভাগ করে রাখা, যাতে দ্রুত ঠান্ডা হতে পারে।

খাবার সঠিকভাবে সংরক্ষণের আরও কিছু নিয়ম হলো, খাবার খুব গরম হলে ফ্রিজে রাখার প্রথম ১ ঘণ্টা ঢাকনা পুরোপুরি না আটকে সামান্য খোলা রাখা। এতে বাষ্প বেরিয়ে যাবে এবং ভেতরে পানি জমবে না।

এছাড়া ফ্রিজে অনেক পাত্র গাদাগাদি করে না রেখে কিছুটা ফাঁকা জায়গা রাখা উচিত যাতে বাতাস চলাচল করতে পারে।

মনে রাখতে হবে, ফ্রিজ ব্যাকটেরিয়া ধ্বংস করে না, শুধু এর বৃদ্ধি ধীর করে। তাই রান্না করা সবজি ২৪ ঘণ্টা এবং রান্না করা মাংস দুই দিনের বেশি না রাখাই ভালো।

আরটিভি/এএইচ