মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩০ পিএম
সাধারণ গরম পানি বা গরম লেবুর পানি পান করাকে অনেকেই প্রশান্তি দায়ক ও উপকারী বলে মনে করেন। গরম পানি পান শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এবং এটি হজমশক্তি উন্নত করা, চাপ কমানো ও উষ্ণতা বোধ করতে সাহায্য করে বলে দাবি করা হয়।
যদিও এই উপকারিতাগুলোর খুব একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবুও অনেকেই গরম পানি পানে ইতিবাচক ফল অনুভব করেন।
স্বাস্থ্য সংক্রান্ত প্ল্যাটফর্ম হেলথলাইন উষ্ণ পানি পানের জন্য সর্বোচ্চ ৫৪ থেকে ৭১ ডিগ্রি সেলসিয়াস (১৩ থেকে ১৬০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা সুপারিশ করে, কারণ এর বেশি তাপমাত্রা ত্বক পুড়িয়ে দেওয়ার কারণ হতে পারে।
গরম পানির বাষ্প নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে ঠান্ডা আবহাওয়া জনিত কারণে নাক বন্ধ, সাইনাসের সমস্যা এবং মাথাব্যথা দূর হয়। সাইনাস ও গলাজুড়ে শ্লেষ্মা ঝিল্লি থাকায়, গরম পানি পান করলে গলা উষ্ণ হয় এবং শ্লেষ্মা জমার কারণে হওয়া ব্যথা কমাতে পারে।
সাধারণ পানি পান পরিপাকতন্ত্রকে সচল রাখলেও অনেকে বিশ্বাস করেন যে, গরম পানি পাচনতন্ত্রকে আরও সক্রিয় রাখতে কার্যকর। যদিও এই তত্ত্বটি প্রমাণের জন্য আরও গবেষণার প্রয়োজন, তবে ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে যে অস্ত্রোপচারের পর অন্ত্রের নড়াচড়া ও গ্যাস নির্গমনের ওপর গরম পানি অনুকূল প্রভাব ফেলতে পারে।
পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যা মেজাজ ও মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়, গরম পানি পানে স্নায়ুতন্ত্রের কার্যকলাপ উন্নত হয়, সেইসঙ্গে মেজাজও ভালো হয়। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা কোষ্ঠকাঠিন্যের একটি সাধারণ কারণ; তাই হাইড্রেটেড থাকতে যেকোনো তাপমাত্রার পানি পানই কোষ্ঠকাঠিন্য দূর করতে ও প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখে, কারণ এতে মল নরম হয় এবং মলত্যাগ সহজ হয়।
ইনস্টিটিউট অব মেডিসিন নারীদের জন্য প্রতিদিন ২.৩ লিটার এবং পুরুষদের জন্য ৩.৩ লিটার পানি পান করার সুপারিশ করে (ফলমূল, শাক-সবজিজাতীয় খাবারসহ), যা শরীরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন।
এছাড়াও, ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে যে ঠান্ডায় শরীরের কাঁপুনি কমাতে উষ্ণ তরল পান করা সহায়ক। নিজেকে কাঁপুনি থেকে রক্ষায় হালকা গরম পানি পান করা যেতে পারে। স্বাস্থ্যকর রক্ত প্রবাহ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকিসহ সবকিছুকে প্রভাবিত করে।
গরম পানি পান করলে রক্ত সঞ্চালনের অঙ্গ, যেমন ধমনী ও শিরা প্রসারিত হয়, যা সারা শরীরে রক্তপ্রবাহ কার্যকর করতে সাহায্য করে। যদিও এই বিষয়ে খুব কম গবেষণা রয়েছে, তবুও এটি রক্ত সঞ্চালন বাড়ানোর ক্ষেত্রে গরম পানির একটি সম্ভাব্য উপকারিতা।
আরটিভি/এএইচ