রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০৪:০৩ পিএম
কর্মব্যস্ত আধুনিক জীবনে প্রতিদিন ঘর পরিপাটি করে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে সমস্যা বাড়ে তখন, যখন হঠাৎ কোনো অতিথি ফোন দিয়ে বাসায় আসার খবর দেন। এমন পরিস্থিতিতে অগোছালো ঘর নিয়ে অস্বস্তিতে না পড়ে দ্রুত ঘর গোছানোর কিছু স্মার্ট কৌশল অবলম্বন করা যেতে পারে।
খুব অল্প সময়ে ঘরকে বাসযোগ্য ও সুন্দর দেখাতে প্রথম পদক্ষেপ হিসেবে দৃশ্যমান সব অগোছালো জিনিস সরিয়ে ফেলুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় ভাঁজ করার সময় না থাকলে সেগুলো ওয়াশিং মেশিনে ভরে দিন অথবা কোনো ব্যাগে ভরে লোকচক্ষুর আড়ালে রাখুন।
সামনে রাখা যায় এমন ছোটখাটো জিনিসগুলো দ্রুত ঝেড়ে যথাস্থানে সাজিয়ে দিন।
বাড়িতে প্রবেশের পর অতিথিদের প্রথম নজর পড়ে জুতা রাখার জায়গার ওপর। জুতাগুলো এদিক-সেদিক ছড়িয়ে থাকলে পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়। তাই জুতোগুলো সুন্দর করে তাকে গুছিয়ে রাখুন অথবা কাবার্ডের ভেতর ভরে ফেলুন।
এরপর নজর দিন বাথরুমের দিকে। বেসিন থেকে শুরু করে সাবান রাখার জায়গাগুলো দ্রুত মুছে পরিষ্কার করে নিন এবং অতিথির ব্যবহারের জন্য একটি পরিষ্কার তোয়ালে ঝুলিয়ে দিন। বাথরুমে কোনো দুর্গন্ধ থাকলে তা দূর করতে এয়ার ফ্রেশনার বা একটি পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখতে পারেন, যা বাথরুমকে ফ্রেশ রাখবে।
বসার ঘর যেহেতু অতিথির মূল আড্ডাখানা, তাই এই ঘরটি দ্রুত পরিষ্কার করা সবথেকে বেশি জরুরি। সোফার ওপর বা টেবিলের ওপর থাকা বাড়তি জিনিসগুলো একটি ঝুড়িতে ভরে অন্য রুমে সরিয়ে ফেলুন। বসার ঘর যত ছিমছাম হবে, ততই তা পরিচ্ছন্ন দেখাবে।
সোফার যে অংশগুলো অতিথির চোখে পড়বে সেগুলো দ্রুত টানটান করে দিন এবং সেন্টারের টেবিলে একটি সুন্দর ট্রে বা ফুলদানি দিয়ে সাজিয়ে নিন। এতে পুরো ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যাবে।
সবশেষে ঘরের গুমোট ভাব কাটাতে সুগন্ধির ব্যবহার দারুণ প্রভাব ফেলে। কৃত্রিম স্প্রে ব্যবহারের বদলে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা বেশি কার্যকর। ঘরে অয়েল ডিফিউজার থাকলে তাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলে তার সুবাস ঘরকে মুহূর্তেই তরতাজা ও মনোরম করে তুলবে। সুগন্ধ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে, যা আপনার ঘরকে অতিথির কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
এই ছোট ছোট কৌশলগুলো মেনে চললে খুব কম সময়েই আপনি একটি অগোছালো ঘরকে অতিথির সামনে পরিপাটি করে উপস্থাপন করতে পারবেন।
আরটিভি/এএইচ