শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৫ পিএম
নতুন কেনা প্লাস্টিক, গ্লাস, কাঠ বা ধাতব জিনিসপত্র থেকে স্টিকার তোলার পর আঠার চিটচিটে দাগ থেকে যাওয়া একটি পরিচিত সমস্যা। এই দাগ যেমন দৃষ্টিকটু, তেমনি পরিষ্কার করাও বেশ কষ্টসাধ্য।
তবে ক্লিনিং বিশেষজ্ঞদের মতে, হাতের কাছের কিছু সাধারণ জিনিস ব্যবহার করে খুব সহজেই এই আঠা দূর করা সম্ভব। স্টিকারের আঠা তোলার সবচেয়ে সহজ পদ্ধতি হলো হেয়ার ড্রায়ার ব্যবহার করা। হালকা তাপে আঠা নরম হয়ে যায়, ফলে প্লাস্টিকের স্ক্র্যাপার বা আঙুল দিয়ে ঘষে সহজেই তা তুলে ফেলা যায়।
তবে অতিরিক্ত তাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে যাতে জিনিসের পৃষ্ঠ পুড়ে না যায়।
রান্নাঘরে থাকা নারিকেল তেল বা অলিভ অয়েলও প্রাকৃতিক দ্রাবক হিসেবে দারুণ কার্যকর। স্টিকারের ওপর তেল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আঠার আঁকড়ে ধরার ক্ষমতা কমে যায়, যা পরে সাবান ও গরম পানি দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায়।
তবে কাপড় বা বার্নিশহীন কাঠে তেল ব্যবহার করা ঠিক নয়। একইভাবে টুথপেস্ট ব্যবহার করেও বিশেষ করে কাচের জিনিসের আঠা দূর করা সম্ভব। তবে হাইড্রোজেন পারঅক্সাইডযুক্ত টুথপেস্ট ব্লিচিং হিসেবে কাজ করতে পারে বলে বার্নিশ করা কাঠে এটি ব্যবহার না করাই ভালো।
নখ পালিশ তোলার জন্য ব্যবহৃত অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভারও কাচ ও কাপড় থেকে আঠা সরাতে সাহায্য করে। তবে এটি প্লাস্টিক বা রং করা দেয়ালের ক্ষতি করতে পারে বলে ব্যবহারের আগে সাবধানতা অবলম্বন করা জরুরি।
রাবিং অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল শক্ত প্লাস্টিক এবং কাচের আঠা পরিষ্কারে অত্যন্ত কার্যকরী। আবার পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান হিসেবে ভিনেগার ব্যবহার করা যেতে পারে; ভিনেগারে ভেজানো স্পঞ্জ দিয়ে ঘষলে আঠার দাগ সহজেই উঠে যায়।
তবে মার্বেল বা পাথরের ওপর ভিনেগার ব্যবহার করা উচিত নয়। যেসব জায়গায় রাসায়নিক ব্যবহার নিরাপদ নয়, সেখানে মাস্কিং টেপ ব্যবহার করা যেতে পারে। আঠার ওপর টেপটি শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে টেনে তুললে আঠা উঠে আসে।
এছাড়া বাজারে পাওয়া যায় এমন ‘ডব্লিউডি-৪০’ স্প্রে ব্যবহার করেও দ্রুত আঠা সরানো সম্ভব, তবে এটি ব্যবহারের সময় চোখ ও ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সবশেষে, সবচেয়ে শক্তিশালী সমাধান হিসেবে পেইন্ট থিনার ব্যবহার করা যেতে পারে, তবে এটি প্লাস্টিক বা বার্নিশ করা কাঠে ব্যবহার করা বিপজ্জনক।
যেকোনো পদ্ধতি প্রয়োগের আগে বস্তুর উপাদানের ধরন বুঝে সঠিক উপায়টি বেছে নিলে প্রিয় শখের জিনিসটি থাকবে দাগমুক্ত ও নতুনের মতো উজ্জ্বল। সূত্র: রিডার্স ডাইজেস্ট
আরটিভি/এএইচ