শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:০১ পিএম
পাহাড়ি সবজির স্বাদই আলাদা। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলসহ দেশের নানা প্রান্তে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী। জীবনযাপনের মতো তাদের খাদ্যাভ্যাসও ভিন্ন। ভিন্নতার কারণ রান্নায় ব্যবহৃত উপকরণ আর রন্ধনপ্রণালি। এই ভিন্ন স্বাদের খাবার বেগুনের রেসিপি বানিয়ে নিন সহজে।
উপকরণ
শিদল (শুঁটকির পেস্ট): ২ টেবিল চামচ
কাঁচা মরিচবাটা: ২ টেবিল চামচ
হলুদ: ১ চিমটি
লবণ: পরিমাণমতো
পাহাড়ি বেগুন: ৫-৬টি
আতপ চালের গুঁড়া: পরিমাণমতো
সাবারাং পাতা: পরিমাণমতো।
প্রণালি
প্রথমে শিদলের পানি ছেঁকে নিতে হবে। এই পানিতে কাঁচা মরিচবাটা, লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিন। এই ফাঁকে বেগুন ফালি ফালি করে কেটে নিন। পানিতে ভিজিয়ে রাখুন। শিদল–পানি ভালোভাবে ফুটে উঠলে ফালি ফালি করে রাখা বেগুন দিয়ে দিন। পানি বুদ্বুদ করে বেগুনের ওপর না ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখুন। বেগুন সেদ্ধ হওয়ার মতো হলে (খেয়াল রাখুন যেন সবুজ থাকে) চালের গুঁড়া ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে ঢেলে দিন।
১-২ সেকেন্ড সেদ্ধ করে সাবারাং পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। তবে মনে রাখতে হবে বেশি সেদ্ধ করলে বেগুনের সবুজ রং চলে যাবে। এটা সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা হয়।
আরটিভি/এমএ