images

জাতীয়

বন্দিদের অপরাধ ও আচরণ দেখে শ্রেণি বিন্যাস

মঙ্গলবার, ১৬ মে ২০১৭ , ০৬:৩৪ পিএম

বন্দিদের অপরাধ ও আচরণ দেখে শ্রেণি বিন্যাস করা হবে। বললেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হোটেলে চতুর্থ এশীয় আঞ্চলিক কারেকশনাল সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইফতেখার উদ্দিন বলেন, কোন বন্দি কিভাবে রয়েছেন তা বিবেচনা করেই তাদের শ্রেণি বিন্যাস করা হবে। এমনকি এর ওপর ভিত্তি করেই সর্বনিম্ন ঝুঁকির বন্দিদেরই স্থান হবে উন্মুক্ত জেলখানায়। কারামুক্তির ঠিক এক দেড় বছর আগে তাদের সেখানে পাঠানো হবে।

আইজি প্রিজন বলেন, উন্মুক্ত জেলখানায় একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্দিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এরপর তাদের মুক্তি দেয়া হবে। যাতে তারা আত্মবিশ্বাস নিয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারে। কারণ কারাগারে দীর্ঘদিন থাকার ফলে তাদের সামাজিক বিষয়গুলো হারিয়ে যায়।

উন্মুক্ত জেলখানায় মূলত ২ ধরনের ট্রেনিং দেয়া হবে বন্দিদের। তার একটি হলো কারিগরি অন্যটি কৃষি ভিক্তিক। বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, সেজন্য এটাকে গুরুত্ব দেয়া হয় বেশি। আমাদের দেয়া প্রশিক্ষণকে ডিপ্লোমা হিসেবে কারিগরি প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে পারলে মুক্তির পর তারা বাস্তব ক্ষেত্রে  কাজে লাগাতে পারবে।

সৈয়দ ইফতেখার বলেন, উন্মুক্ত জেলখানার বিষয়টি এখনও প্রাথমিক স্টেজে রয়েছে। এর জন্য জমি অধিগ্রহণের কাজটা এগিয়েছে। এর আগে তৃতীয় সম্মেলনে আমরা শ্রীলঙ্কায় উন্মুক্ত জেলখানা দেখে এসেছি। সে অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

কক্সবাজারের উখিয়ায় তৈরি হচ্ছে দেশের প্রথম উন্মুক্ত কারাগার। এরই মধ্যে নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারাগার হবে মূলত সাজাপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পুনর্বাসনকেন্দ্র। ৪শ’কোটি টাকায় ৩শ’২৫ একর জমির ওপর গড়ে উঠবে এটি।

এইচটি/ এমকে