images

জাতীয়

সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী আর নেই (ভিডিও)

বুধবার, ১৭ মে ২০১৭ , ০৯:২৯ এএম

না ফেরার দেশে চলে গেলেন সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় ফারুক চৌধুরীকে স্কয়ারে ভর্তি করা হয়। 

আসর নামাজের পর ধানমণ্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক চৌধুরীর জানাজা হবে। এর আগে মরদেহ নেয়া হবে সাবেক কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে প্রথম জানাজা হবে।

১৯৩৪ সালের ১৪ জানুয়ারি সিলেটের করিমগঞ্জে ফারুক চৌধুরীর জন্ম। গুণী এ কূটনীতিকের শৈশব কেটেছে বৃহত্তর সিলেট ও ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যে। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আসাম থেকে পরিবারের সঙ্গে চলে আসেন তৎকালিন পূর্বপাকিস্তানে।

নেত্রকোনার আঞ্জুমান হাইস্কুল থেকে ম্যাট্রিক আর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন তিনি। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৫৫ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেন। ১৯৫৬ সালে যোগ দেন পাকিস্তান ফরেন সার্ভিসে। তৎকালিন সরকারের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। স্বাধীন বাংলাদেশেও দক্ষ ও যোগ্যতার সঙ্গে কূটনীতিকের দায়িত্ব পালন করেন ফারুক চৌধুরী।

ফারুক আহমদ চৌধুরী ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। ১৯৭৬ সালে আবুধাবি, ১৯৭৮ সালে বেলজিয়াম, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালে ঢাকায় অনুষ্ঠিত ওআইসি’র চতুর্দশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন এবং ১৯৮৫ সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের সমন্বয়ক ছাড়াও তিনি জাতিসংঘ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

ফারুক চৌধুরী ১৯৮৪ সালে পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

ছোটবেলা থেকেই ঝোঁক ছিল সাহিত্যের প্রতি। তার প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের বালুকাবেলায়’ বইটি শুধু কূটনৈতিক গুরুত্বপূর্ণ দলিল নয়, বাংলা গদ্যসাহিত্যেরও অনন্য সংযোজন। এই বইয়ের জন্য ২০১৫ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। তার আত্মজীবনীমূলক এই গ্রন্থ ছাড়াও প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে দেশ দেশান্তর, প্রিয় ফারজানা, নানাক্ষণ নানাকথা, স্বদেশ স্বকাল স্বজন, সময়ের আবর্তে।

সাবেক এ কূটনীতিক সবশেষ ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ব্র্যাকের পরিচালনা পর্ষদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ছিলেন। অন্যদিকে লেখক এবং কলামিস্ট হিসেবে সুপরিচিত ফারুক চৌধুরী। 

 

এইচটি/এসএস