শুক্রবার, ২৬ মে ২০১৭ , ০২:১৯ পিএম
সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি আজকে (শুক্রবার) ভালো হয়েছে। আগামিকাল আরো ভালো এবং রমজানের মধ্যে ভালো অবস্থায় চলে আসবে। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে প্রি-পেমেন্ট মিটারিং কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আমি জানি সারাদেশে লোডশেডিং আছে। গেলো ১০ দিন আগে মেঘনার পারে দুর্ঘটনায় বিদ্যুৎ টাওয়ার পড়ে গেছে। এ কারণে উত্তরাঞ্চল থেকে খুব বেশি বিদ্যুৎ পাওয়া যায়নি। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে মেকানিক্যাল সমস্যার কারণে। তাই ১৫শ থেকে ১৭ শ’ মেগাওয়াট বিদ্যুৎ ডিসপোসাল দেয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) আমরা একটি হোল্ডিং কোম্পানি নেয়ার জন্য বারবার বলে আসছিলাম। তারা দেরি করে ফেলেছে। একটি হোল্ডিং কোম্পানি থাকলে বিপিডিবি আরো শক্তিশালী হবে। আমরা চাই এটি আরো শক্তিশালী ও আধুনিক হোক।’
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে দুই কোটি ৪৬ লাখ গ্রাহক আছে বিপিডিবি’র। তার মধ্যে মাত্র ১০ লাখ মিটার প্রি-পেমেন্টের আওতায় আনা হয়েছে।
আসছে তিনমাসের মধ্যে চট্টগ্রামের ৭ লাখ গ্রাহকদের মধ্যে প্রত্যেকের প্রি-পেমেন্টের আওতায় আনার জন্য প্রধান প্রকৌশলীকে আদেশ দেন তিনি।
গ্যাস আমাদের খুবই দরকার উল্লেখ তিনি বলেন, রমজান মাসে সিএনজি স্টেশন বিকেলে তিনটা থেকে রাত ১০ টা পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস।
কে/জেএইচ