images

জাতীয় / রাজনীতি

‘বিএনপির ইফতার মাহফিলেও ক্ষমতাসীনদের বাধা’ (ভিডিও)

শনিবার, ০৩ জুন ২০১৭ , ০৮:১৯ পিএম

রাজনৈতিক কর্মসূচির পর এখন বিভিন্ন জায়গায বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে বলে দাবি করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন তিনি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে সরকার রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক ধর্মীয় আচার-অনুষ্ঠানও করতে দেয় না। বিরোধী দলের ইফতার মাহফিলে বাধা ও হামলা করছে আওয়ামী লীগের নেতারা।

তিনি বলেন, ইফতার মাহফিল করতে কোথাও কোথাও অনুমতি দিচ্ছে না, কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমণ হচ্ছে। গেলো শুক্রবার ঢাকার কেরাণীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে হামলা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমানউল্লাহ আমান একজন প্রথিতযশা রাজনীতিবিদ, ডাকসুর ভিপি ছিলেন। তার বাড়িতে আক্রমণ হয়েছে। এ থেকে বোঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়।

তিনি বলেন, আমরা মনে করি, সরকার ও সরকারি দলের এমন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এ থেকে প্রমাণিত হচ্ছে, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।

এ ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুল আলম, আসাদুল করীম শাহিন, শাম্মী আখতার।

শুক্রবার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে হামলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের বাড়িতেও আওয়ামী লীগ নেতা আয়নালের নেতৃত্বে হামলা করা হয় হামলা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কে/সি