রোববার, ০৪ জুন ২০১৭ , ০৩:৫০ পিএম
পার্বত্য জেলা রাঙামাটিতে সংঘর্ষে ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
লংগদুর ঘটনা নিয়ে রোববার সকালে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিবৃতিতে এসব দাবি জানান হয়।
বিবৃতিতে ফখরুল বলেন, যুবলীগ নেতা ও মোটরবাইক চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গেলো শুক্রবার রাঙামাটি জেলার লংগদু উপজেলার বিভিন্ন গ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর দু' শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আর রহস্যজনকভাবে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয় খাগড়াছড়ি জেলায়। এ মরদেহ নুরুল ইসলামের গ্রামের বাড়ি লংগদুতে নিয়ে যাবার পর উত্তেজনা সৃষ্টি হয় এবং পাহাড়ি পল্লীতে আক্রমণের ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, নিরীহ পাহাড়িদের বাড়িঘরে নিষ্ঠুর হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে নিহত নুরুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করার জোর দাবি জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি পার্বত্য চট্টগ্রামের বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর হৃদ্যতাপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। একটি হত্যাকাণ্ডের দায় সন্দেহবশত গোটা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দিয়ে হিংস্র আক্রমণের ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য না।
এইচএম/সি