বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ , ০৭:৪৯ পিএম
আগামীর উন্নয়নে দেশের ব্যাংকগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন। অর্থনীতিতে কেউ একমত হতে পারে না, তবুও সরকার সমন্বয় করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হলে অবশ্যই ব্যাংকগুলোর সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় এ দেশ উন্নত হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের সুবর্ণজয়ন্তী ও বার্ষিক সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আমি ব্যাংকের ওপর নজর দিই এবং বিশ্বাস স্থাপন করি। ব্যাংকগুলোকে বলেছি, সরকারের অর্থসহায়তা যাতে নিতে না হয়। সে বিশ্বাস তারা রেখেছে এবং আমি ঠকিনি। গত তিন বছরে শর্টফল ঘাটতি কাটাতে সরকারে ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হয়নি।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, ড. আতিউর রহমান।