রোববার, ১০ জুলাই ২০১৬ , ১০:১৯ এএম
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কারাগারসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি।
এদিকে কারাগারে ককটেল বিষ্ফোরণের পর খুলনা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সন্দেহভাজনদেরকে তল্লাশি করা হচ্ছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে বাহির থেকে কেউ ককটেলটি কারাগারের পূর্ব দিকের দেয়ালের উপর দিয়ে ভিতরে ছুড়ে মেরেছে। এটি কারাগারের ভিতর একটি গাছের উপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কোন আহত হয়নি।
খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম জানান, সন্ধ্যার পর পরই সব বন্দিদের লকআপে রাখা হয়। তাই বাইরে কেউ ছিল না। তিনি বলেন, পূর্ব পাশ্বের্র ফাঁকা রাস্তা থেকে যে কেউ এই ককটেল বা বোমাটি ছুড়তে পারে। পুলিশ ঘটনার পরই জেলা কারাগারের খোঁজ খবর নেয়।