images

জাতীয়

সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব : সিইসি (ভিডিও)

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ০৩:২২ পিএম

সব দলের অংশগ্রহণে এবারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। অতীতেও এ কমিশনের অধীনে অনেক ভালো ভোটের ইতিহাস রয়েছে। এবারও সব দল অংশগ্রহণ করলে সেটি সম্ভব। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।

বললেন সিইসি কে এম নুরুল হুদা।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে দাতা সংস্থাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ডি ওয়ার্টকিনসের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

নুরুল হুদা বলেন, দাতা সংস্থাগুলো আমাদের কাছে জানতে চেয়েছে- সুষ্ঠু ভোটের সামর্থ্য আছে কিনা? আমরা তাদের বলেছি, নির্বাচন সামনে রেখে আইনকানুন সংশোধন, সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র পুনর্বিন্যাসের কাজ চলছে।

সিইসি বলেন, আমরা দাতা সংস্থাগুলোর কাছে স্মার্টকার্ড বিতরণে চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ দেয়ার মেশিন কিনতে আর্থিক সহায়তা চেয়েছি। তবে এগুলো ছাড়াই স্মার্টকার্ড দেয়া সম্ভব। আমরা প্রকল্পটা আরো বাড়াতে চাই। তবে ভোটের সঙ্গে স্মার্টকার্ডের সম্পর্ক নেই। তবু আসছে নির্বাচনের আগে সবার হাতে স্মার্টকার্ড তুলে দিতে চাই।

তিনি আরো বলেন, ইউএনডিপির প্রতিনিধি দল আমাদের কাছে নির্বাচনকালীন সরকার কী হবে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি- এ নিয়ে ইসির কিছু করার নেই। এটা সরকারের সিদ্ধান্ত।

ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেট রবার্ট ডি ওয়ার্টকিনস বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ২১ বছরের সম্পর্ক। আমরা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের কারিগরি সহায়তা করতে চাই।

 

এইচটি/সি