সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ , ০৮:৫৮ এএম
আজ ৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মবার্ষিকী। প্রতিভাবান এই রাজনীতিক ও সাংবাদিক ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
৭৫'র ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মনি এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।
শেখ মনি ১৯৬২-১৯৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়।
প্রতিভাবান এ রাজনীতিক দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমারও সম্পাদক ছিলেন।
শেখ মনির জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ বেশকিছু কর্মসূচি পালন করছে। এগুলোর মধ্যে রয়েছে সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনি ও ১৫ই আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ। পরে বনানী কবরস্থান মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। সবশেষ সকাল সাড়ে ১০টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। আর এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি।
এ/এসএস