রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০১:২৪ পিএম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ জেলাগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং পূর্বাভাসভিত্তিক মানবিক সহায়তাবিষয়ক কার্যক্রমকে আরও সমন্বিত করতে চতুর্থ বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (IFRC), সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD), স্টার্ট নেটওয়ার্ক, সুইস রেড ক্রস ও স্টেপ কনসোর্টিয়াম এর সহযোগিতায় Anticipatory Action Technical Working Group এর সমন্বয়ে বিভাগীয় এ সংলাপের আয়োজন করা হয়।
একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যতের জন্য আগাম মানবিক কার্যক্রমের অন্বেষণ ও উন্নয়নের লক্ষ্যেই এর আয়োজন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম। এ সময় তিনি বলেন, Anticipatory Action-শুধু একটি ধারণা নয়, এটি দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষার একটি কার্যকর উপায়। আজকের সংলাপে জলবায়ু সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যান্টিসিপেটরি অ্যাকশনে প্রয়োজনীয়তা আরও সুস্পষ্ট হয়েছে। তবে সংলাপে গৃহীত সিদ্ধান্তসমূহ কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা করছি। দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, পূর্ব সতর্কতা ব্যবস্থা উন্নয়ন এবং সময়মতো সহায়তা পৌঁছে দিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর পরিচালক আহমেদুল হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট- মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোমেনুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
সকল অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সংলাপ অতীত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য আরও কার্যকর, টেকসই এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম কার্যক্রম বাস্তবায়নের পথ উন্মুক্ত করবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কৌশল এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে মত বক্তাদের।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট (ডিসিআরএম) বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আইএফআরসি ও পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিসহ সরকারী ও বেসরকারি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা বিষয়টিকে আরও প্রসারিত করতে ২০২৩, ২০২৪ ও চলতি বছরের শুরুতে ৩টি বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ অঞ্চলে চতুর্থবারের মত আয়োজন করা হয়েছে বিভাগীয় এ সংলাপের।
Anticipatory Action Technical Working Group-এর সমন্বয়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহজাহান সাজু সংলাপটি সমন্বয় করেন।
আরটিভি/এফএ