images

জাতীয় / অর্থনীতি

বাজেটে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৪:৫২ পিএম

স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার ব্যবহারকারীরা এবারও বিশেষ সুবিধা পাবেন। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ পণ্যের কাঁচামালে কোনো ভ্যাট দিতে হবে না। তাই এর পূর্ণ সুবিধা ভোগ করবেন গ্রাহকরা।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উত্থাপিত ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবে এ তথ্য জানা যায়।
 
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে তিনি সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম। 

আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেন। তবে চলতি অর্থবছরের মাঝপথে কাটছাঁটের ফলে সেই বাজেটের বাস্তবায়নযোগ্য আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। তবে অর্থ মন্ত্রণালয় বাজেট বিষয়ে সাধারণ জনগণের মতামত নেবে এবং সেগুলো বিবেচনায় রেখে বাজেট চূড়ান্ত করবে বলে জানিয়েছে।

আরটিভি/এএইচ