images

জাতীয় / স্বাস্থ্য

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের জুয়েলারি তৈরি প্রশিক্ষণের সমাপনী

সোমবার, ১৮ আগস্ট ২০২৫ , ০৬:৪৩ পিএম

সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণী এবং তাদের মায়েদের উদ্যোক্তা বানাতে ৮ দিনব্যাপী চলা জুয়েলারি তৈরির প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি ‘অটিজম নয় দুর্বলতা, এসো হই উদ্যোক্তা’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর বেঙ্গল স্কয়ারে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় জুয়েলারি তৈরির বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়েছে, যা তাদের ভবিষ্যতে এই পেশায় আত্ম-উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। প্রশিক্ষণার্থীদের তৈরি করা জুয়েলারি পরবর্তীতে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য রাখা হবে তাদের উৎসাহিত করতে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি দেওয়ান শামসুর রাকিব।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট ফারিয়া কবীর, পলমল গ্রুপের হেড অব ফিন্যান্স কাজি মুহিত, ঢাকা ব্যাংকের ইভিপি মশিউর রহমান, এইচএসবিসি ব্যাংকের ইভিপি এএসএম সাইফুল ইসলাম। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব ডা. এজাজুল ইসলাম, বিশিষ্ট কণ্ঠশিল্পি হায়দার হোসেন, বিশিষ্ট নৃত্য শিল্পি মুনমুন আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরটিভির বার্তা বিভাগের প্রধান ইলিয়াস হোসেন, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রধান (উপমহাব্যবস্থাপক) কবির আহমেদ, মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির, অনলাইন ইনচার্জ আবু আজাদ, বায়ান্ন টিভির বার্তা সম্পাদক ও ইনচার্জ জয়নাল আবেদীন এবং ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জার্নালিজম ইনচার্জ দেলোয়ার হোসাইন প্রমুখ।  

4

অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ওপর জোর দেন। 

বক্তরা আরও বলেন, প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এসব বিশেষ তরুণ-তরুণীদের এমন দক্ষতা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারে এবং পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

6

গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই জুয়েলারি তৈরি কর্মশালাটি শেষ হয় আজ (১৮ আগস্ট)। এতে ১৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরী ও তাদের মায়েরা প্রশিক্ষণ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। ১০ বছরের পথচলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংগঠনটি নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষভাবে কাজ করছে। 

7

পাশপাশি সচেতনতা তৈরিতে প্রচারণার অংশ হিসেবে আরটিভিতে নিয়মিত ‘হাত বাড়িয়ে দিলাম’ ও কিশোরীদের বাল্যবিয়ে-স্বাস্থ্যঝুঁকি বিষয়ক ‘সর্বজয়া’ শিরোনামে দুটি অনুষ্ঠান প্রচার করছে এই প্রতিষ্ঠান। এ ছাড়া দারিদ্র বিমোচন, নিরাপদ পানি, স্যানিটেশন, ও নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি।

8

অনুষ্ঠানে এই মহতী আয়োজনে সহযোগিতার জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও এসএমই ফাউন্ডেশনসহ অন্যান্য স্পনসর, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

আরটিভি/একে/এস