images

জাতীয়

ভোট দিতে প্রথম দিনেই ৩৮৯৫ জন প্রবাসীর আবেদন

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৯:৪২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে ৩ হাজার ৮৯৫ জন প্রবাসী আবেদন করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) থেকে এসব তথ্য জানা গেছে। 

আবেদন করা ৩ হাজার ৮৯৫ জন প্রবাসীর মধ্যে পুরুষ ৩ হাজার ৬৬২ জন এবং নারী ২৩৩ জন। এরমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ১ হাজার ৯৮৬ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ৩৯১, মিশর থেকে ৬৭, উগান্ডা থেকে ১৯, মোজাম্বিক থেকে ১৬, জাপান থেকে ৭৭৬, চীন থেকে ৩৭৭, লিবিয়া থেকে ৬৫, মরিশাস থেকে ১৮, লাইবেরিয়া থেকে ১২ জনসহ সংশ্লিষ্ট প্রবাসীরা আবেদন করেছে।

এর আগে, গত বুধবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিন নিবন্ধন করা যাবে।

এদিকে, প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরটিভি/আরএ