রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৮ পিএম
সরকারি পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা স্বপদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। জবাবে তিনি বলেন, সময় হলেই দেখতে পাবেন। এটা (নির্বাচনে অংশ নেয়া) কারোর পক্ষেই সম্ভব নয়।
এদিকে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সেই সঙ্গে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।
তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।
এছাড়া, নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।
আরটিভি/এসএইচএম