images

জাতীয়

৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৬ পিএম

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের টানা প্রায় ছয় ঘণ্টা অবরোধের মুখে থাকার পর অবশেষে পুলিশের সহায়তায় নিজ দফতর থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি দফতর থেকে বের হতে সক্ষম হন। এর আগে বিকেল তিনটার দিকে ২০ শতাংশ ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই অবরোধ শুরু হয়।

জানা যায়, বেলা আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। এরপর মিছিল নিয়ে তারা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে তাকে অবরুদ্ধ করে হ্যান্ডমাইকে ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন
Web-Image

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

অবরুদ্ধ অবস্থায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির বার্তা দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা তা মানতে রাজি হননি। তারা এই দাবি পূরণ করে আজই প্রজ্ঞাপন জারি করার দাবিতে অবরোধ চালিয়ে যান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অর্থ উপদেষ্টা দফতর থেকে বের হতে পারেন।

আরটিভি/এআর