images

জাতীয়

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৬:০০ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও বৈঠকে মেট্রোরেলের ভ্যাট হ্রাস এবং রমজান মাস সামনে রেখে খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাট নিয়ে শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। তবে সেক্ষেত্রে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে। আসছে রমজান ঘিরে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশসহ তিনটি নতুন আইন অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

‘তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা’

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে জালিয়াতি বেড়ে গেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সেটার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যাতে একটা নতুন আইন করা হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শফিকুল আলম সতর্ক করে দিয়ে বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোর ভাবে দমন করা হবে এবং যারা আন্দোলন করবেন, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা আত্মবিশ্বাসী, খুবই সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, গত বুধবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তবে তফসিল ঘোষণার পর তাদের এই পদত্যাগ কার্যকর হবে।

আরটিভি/এআর