images

জাতীয়

তারেক রহমানের চলাচলের পথে ড্রোন ওড়ানো নিষেধ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৩:০৩ পিএম

জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
 
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নির্দিষ্ট একটি রুট ড্রোনমুক্ত থাকবে। রুটটি হলো: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীমউদ্‌দীন রোড। এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল ফ্লাইওভার। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (পূর্বাচল) হয়ে এভারকেয়ার হসপিটাল এলাকা। এয়ারপোর্ট থেকে বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ। গুলশান-২ সার্কেল থেকে গুলশান নর্থ এভিনিউ হয়ে তারেক রহমানের বাসভবন পর্যন্ত এলাকা।

আরও পড়ুন
Web-Image

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উল্লিখিত এলাকায় ড্রোন ওড়ানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

আরটিভি/এমএ