বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নিবন্ধনের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ব্যাপক আগ্রহ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে নিবন্ধনের শেষ সময়সীমা বাড়িয়ে আজ ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, যা এখন আরও পাঁচ দিন বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা করা হলো।
এদিকে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ লাখ ৪২ হাজার ৯৮৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার ১১৮ এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৬৯ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে যারা নিজ এলাকার বাইরে কর্মরত, তাদের সুবিধার্থেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন প্রবর্তিত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ঘরে বসেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররাও এই বিশেষ সুবিধার আওতায় রয়েছেন। সময় বৃদ্ধির ফলে নিবন্ধনের এই সংখ্যা আরও কয়েক লাখ বাড়বে বলে আশা করছে কমিশন। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই কয়েক হাজার নতুন ভোটার এই তালিকায় যুক্ত হয়েছেন।
আরটিভি/এআর