শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৯:৪৮ এএম
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন গণমাধ্যমকে জানান, তার বাবা শারীরিক জটিলতা নিয়ে এইচিডিইউতে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে তার বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও ড. কামাল হোসেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত বুধবারও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন। ওই জানাজার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। প্রবীণ এই ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে রাজনৈতিক ও আইনজীবী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আরটিভি/আইএম